গোয়ালন্দে জামাইয়ের হাতে শাশুড়ি খুন?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভায় গতকাল সোমবার এক নারীকে কুপিয়ে খুন করা হয়েছে। অভিযোগ উঠেছে, পারিবারিক কলহের একপর্যায়ে ওই নারীর মেয়েজামাই তাঁকে বঁটি দিয়ে আঘাত করেন।

নিহত নারীর নাম মিনু ওরফে বরু বেগম (৪৮)। তিনি পৌরসভার ইবাদালী মিস্ত্রিপাড়ার ভ্যানচালক কামাল শেখের স্ত্রী। অভিযুক্ত ওয়াদুদ ব্যাপারী উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ২ নম্বর ব্যাপারীপাড়ার বাসিন্দা।

এলাকার কয়েকজন বলেন, প্রায় দুই বছর আগে ওয়াদুদের সঙ্গে মিনুর মেয়ে সাথীর বিয়ে হয়। কয়েক মাস আগে সাথী রাগ করে স্বামীর বাড়ি থেকে চলে আসেন। তিনি বাবার বাড়ি এসে স্থানীয় এক বেসরকারি সংস্থার মাঠকর্মী হিসেবে কাজ শুরু করেন। এটা জানতে পেরে ওয়াদুদ মুঠোফোনে ও শ্বশুরবাড়ি এসে সাথীর কাছে টাকা চাইতেন।

প্রত্যক্ষদর্শীরা বলেন, গতকাল বেলা দেড়টার দিকে ওয়াদুদ শ্বশুরবাড়ি যান। এ সময় তাঁর শাশুড়ি মিনু রান্নাঘরে ছিলেন। কথায় কথায় তাঁদের মধ্যে ঝগড়া বেঁধে যায়। একপর্যায়ে চুলার পাশে থাকা বঁটি দিয়ে শাশুড়ির বুকে ও হাতে কয়েকটি আঘাত করেন ওয়াদুদ। মিনুর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে ওয়াদুদ পালিয়ে যান।

প্রত্যক্ষদর্শী প্রতিবেশী বেবি বেগম বলেন, পাশের বাড়ি হওয়ায় তিনি মিনু ও ওয়াদুদের কথা শুনতে পাচ্ছিলেন। ওয়াদুদ মিনুকে জিজ্ঞেস করেন, সাথী কোথায় লুকিয়ে আছে? সাথীর ফোন বন্ধ কেন? একপর্যায়ে মিনুর চিৎকার শুনে তিনি এগিয়ে যান। তখন তিনি দেখেন রক্তাক্ত বঁটি নিয়ে ওয়াদুদ বাড়ি থেকে বের হয়ে যাচ্ছেন। জখম অবস্থায় ‘আমাকে মেরে ফেলল’ বলে চিৎকার করে মিনু পেছনে পেছনে আসছিলেন। কয়েক গজ যাওয়ার পরই তিনি রাস্তার ওপর পড়ে যান। পরে লোকজন তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসা কর্মকর্তা আব্দুল্লাহ আল বাকী বলেন, বেলা দুইটার দিকে মিনু বেগমকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তাঁর বুকের ডান দিকে গভীর ক্ষত রয়েছে। এ ছাড়া ডান হাত ও আঙুলেও আঘাত লেগেছে। প্রচুর রক্তক্ষরণ হওয়ায় তাঁর মৃত্যু হয়েছে।

মিনুর ছেলে মিলন শেখ অভিযোগ করেন, বিয়ের পর থেকেই ওয়াদুদ তাঁর বোনের ওপর নির্যাতন করতেন। এ জন্য সাথীকে তাঁরা বাড়িতে নিয়ে আসেন। কিন্তু এখানে এসেও ওয়াদুদ তাঁদের বিরক্ত করতেন। টাকা না দেওয়ায় ওয়াদুদ তাঁর মাকে কুপিয়ে হত্যা করেন।

গোয়ালন্দ ঘাট থানার ওসি মির্জা আবুল কালাম আজাদ বলেন, লাশের ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ছাড়া ওয়াদুদকে গ্রেপ্তারে পুলিশ মাঠে কাজ করছে। এ বিষয়ে মামলা করার প্রস্তুতি চলছে।