গোয়ালন্দে দুই বখাটের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণের অভিযোগ

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ছোটভাকলা ইউনিয়নে এক গৃহবধূকে (১৯) এলাকার দুই বখাটে ধর্ষণ করেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় গতকাল রোববার রাতে গোয়ালন্দ ঘাট থানায় তিনজনকে আসামি করে মামলা করেছেন ওই গৃহবধূ। তিনি অভিযোগ করেছেন, স্বামী সম্পর্কে বিভ্রান্তিকর তথ্য দিয়ে তাঁকে বাসা থেকে দূরে নিয়ে ধর্ষণ করা হয়েছে। ধর্ষণের অভিযোগ অস্বীকার করেছে বখাটেরা।
আসামি তিনজন হচ্ছেন ছোটভাকলা ইউনিয়নের চর মাইটকুড়া গ্রামের ইছাই শেখের ছেলে বিদ্যুৎ মিস্ত্রি রহিচ শেখ (২১), এলাহী মোল্লার ছেলে মেহেদি মোল্লা (২২) ও উসমান শেখের ছেলে লুৎফর শেখ (২৮)। ঘটনার পর থেকে তিনজন পলাতক রয়েছেন।
গৃহবধূর স্বামী জানান, ১ মাস ১০ দিন আগে মাদারীপুরের শিবচরে বিয়ে করেন তিনি। বিয়ের কিছুদিন পর থেকে এলাকার রহিচ শেখ, মেহেদি মোল্লা ও লুৎফর প্রায়ই তাঁর স্ত্রীকে কুপ্রস্তাব দিতেন। বিষয়টি তিনি স্ত্রীর মুখ থেকে জানার পর তাঁদের বারণ করেছেন। কিন্তু শাসন করার সাহস পাননি। এলাকায় ওই তিনজন বখাটে হিসেবে পরিচিত। দরিদ্র ও নিরীহ পরিবারের হওয়ায় তিনি চুপচাপ ছিলেন।
ধর্ষণের শিকার গৃহবধূ অভিযোগ করেন, গত শনিবার রাত সাড়ে ১১টার দিকে নছিমন চালানো শেষে তাঁর স্বামী বাড়ি ফিরে আসেন। এ সময় তাঁকে খাবার দিতে বলে স্বামী বাড়ির পাশে রাস্তার দিকে যান। অনেকক্ষণ পরও বাড়ি ফিরে না আসায় স্বামীর খোঁজে তিনি বাড়ি থেকে বের হয়ে রাস্তার দিকে যান। রাস্তায় রহিচ, মেহেদি ও লুৎফর দাঁড়িয়ে ছিলেন। তাঁরা গৃহবধূকে জানান, এক নারীকে নিয়ে তাঁর স্বামী মাঠের দিকে গেছেন। এত রাতে নারীকে নিয়ে মাঠে যাওয়ার সংবাদ পেয়ে স্বামীর খোঁজে মাঠের দিকে যেতে থাকেন তিনি। কিছু দূর যাওয়ার পর পেছন থেকে তিন বখাটে তাঁর মুখ চেপে ধরে প্রায় আধা কিলোমিটার দূরে পাটখেতের দিকে নিয়ে যান। তাঁর মাথায় হাত দিয়ে জোরে কয়েকবার আঘাত করলে তিনি অসুস্থ হয়ে পড়েন। পাটখেতের পাশে তাঁকে রহিচ ও মেহেদি ধর্ষণ করেন। এ সময় পাহারা দেন আরেক বখাটে লুৎফর। পরে গৃহবধূকে এ ঘটনা কাউকে বললে মেরে ফেলার হুমকি ও ভয়ভীতি দেখিয়ে বাড়ির কাছে রাস্তার পাশে রেখে যান। গৃহবধূর স্বামী স্ত্রীকে রাস্তার ঢালু থেকে উঠতে দেখতে পেয়ে এগিয়ে গেলে তিনি ঘটনাটি খুলে বলেন।
অভিযুক্ত রহিচ শেখের মুঠোফোনে যোগাযোগ করলে ধর্ষণের অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, রাতে ওই গৃহবধূকে রাস্তায় একা দেখতে পেয়ে ‘এত রাতে রাস্তায় কেন’, তা জানতে চান তাঁরা। এ সময় ওই গৃহবধূ উল্টো তাঁদের গালিগালাজ করেন। ওই গৃহবধূকে তাঁরা ধর্ষণ করেছেন—পরদিন এলাকায় এমন অভিযোগ শুনতে পান। পুলিশের হয়রানির ভয়ে তাঁরা তিনজন পালিয়েছেন বলে জানান।
এ প্রসঙ্গে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা আবুল কালাম আজাদ বলেন, এ ঘটনায় গৃহবধূ গতকাল রাতে রহিচ শেখ, মেহেদি মোল্লা ও লুৎফর শেখকে অভিযুক্ত করে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা (নম্বর-২৯) করেছেন। অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তারে নেমেছে পুলিশ। মেডিকেল পরীক্ষার জন্য গৃহবধূকে আজ সোমবার সকালে রাজবাড়ী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।