গোয়ালন্দে পাঁচ মন্দিরে প্রতিমা ভাঙচুর, চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় গত সোমবার রাতে পারিবারিক চারটি মন্দিরে ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। এ সময় ১০টি প্রতিমা ভাঙচুর করা হয়। আরেকটি মন্দির থেকে প্রতিমা চুরি গেছে। এ ঘটনায় গতকাল মঙ্গলবার তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে পুলিশ।

গোয়ালন্দের ছোটভাকলা ইউনিয়নের কাঁচরন্দ গ্রামের মন্টু কুমার শীল, পলান কর্মকার, পার্থ দাস ও সমর শীলের বাড়িতে পারিবারিক মন্দিরে প্রতিমা ভাঙচুর করা হয় এবং রতন কর্মকারের বাড়ি থেকে একটি শিবমূর্তি চুরি করা হয় বলে জানিয়েছে পুলিশ।

মন্টু কুমার শীল বলেন, তিনি ভোর সাড়ে চারটার দিকে ঘুম থেকে উঠে দেখতে পান, বাড়ির উঠানে শিবমূর্তির একটি মাথা পড়ে আছে। উঠানের এক পাশে থাকা পারিবারিক মন্দিরের দুটি কালী ও শিবমূর্তি ভাঙা অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখেন। স্ত্রী মহারানীকে নিয়ে আশপাশে খোঁজ নিয়ে দেখেন, পলান কর্মকার, পার্থ দাস, সমর শীলের বাড়িতেও মন্দিরে ভাঙচুর করা হয়েছে।

রতন কর্মকারের বাড়ি থেকে প্রতিমা চুরি হয়েছে। তিনি বলেন, ‘সোমবার সন্ধ্যায় বাড়িতে শিবপূজা হয়। গতকাল থেকে কালীপূজা হওয়ার কথা ছিল। সকালে প্রতিবেশীদের ডাকাডাকিতে ঘুম থেকে ওঠে দেখি মন্দিরে থাকা শিবমূর্তিটি নেই।’

হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের গোয়ালন্দ শাখার সভাপতি নির্মল কুমার চক্রবর্তী বলেন, ‘স্থানীয় ব্যক্তিদের সঙ্গে কথা বলে মনে হলো এটা সাম্প্রদায়িক কোনো ঘটনা নয়। এটা একটা বিচ্ছিন্ন ঘটনা।’

এ ঘটনায় গতকাল সকালে জেলা পুলিশ সুপার সালমা বেগম ঘটনাস্থল পরিদর্শন করেন। ঘটনার তদন্তে রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মো. তারিকুল ইসলামের নেতৃত্বে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে।