গোয়ালন্দে বিজয় মেলার র্যাফেল ড্র বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর গোয়ালন্দ বাজারে চলা মাসব্যাপী বিজয় মেলার র‌্যাফেল ড্র বন্ধ করে দিয়েছে পুলিশ প্রশাসন। এ মেলার বিশেষ আকর্ষণ ছিল এই র‍্যাফেল ড্র। গতকাল শনিবার রাতে গোয়ালন্দ ঘাট থানার পুলিশ অবৈধভাবে র‌্যাফেল ড্র চলার অভিযোগে তা বন্ধের নির্দেশ দেয়। 

মেলা উদ্‌যাপন কমিটি জানায়, ‘চেতনায় মুক্তি বিজয়ে উল্লাস’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঐতিহ্য ও সাংস্কৃতিক চর্চার অংশ হিসেবে মেলায় প্রতিদিন সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত গান, নাটকসহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিনোদনের ব্যবস্থা রাখা হয়। এ ছাড়া গ্রামীণ ঐতিহ্য তুলে ধরতে নাগরদোলা ও বিভিন্ন স্টলে গ্রামীণ সামগ্রীসহ নানা উপকরণের দোকান বসে। পাশাপাশি ছিল প্রতিদিন আনন্দ র‌্যাফেল ড্র অনুষ্ঠান। র‌্যাফেল ড্রয়ের মাধ্যমে প্রতিদিন মোটরসাইকেল, স্বর্ণের হারসহ নানা ধরনের পুরস্কারসামগ্রী রাখা হয়।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা আবুল কালাম আজাদ আজ রোববার সকালে জানান, বিজয় মেলা উদ্বোধনের এক দিন পর থেকে জেলা প্রশাসনের অনুমতি ছাড়া বিজয় মেলার নামে অবৈধভাবে আনন্দ র‌্যাফেল ড্র পরিচালনা করে হচ্ছিল। র‌্যাফেল ড্রয়ের নামে প্রতিদিন মানুষের পকেট খালি করা হচ্ছিল। এ নিয়ে উপর মহল থেকে চাপ এলে ও অবৈধ বলে গতকাল রাতে র‌্যাফেল ড্র বন্ধ করে দেওয়া হয়। বিজয় মেলা যথারীতি চলবে। তবে কোনো প্রকার অবৈধ র‌্যাফেল ড্র চলতে দেওয়া হবে না।

বিজয় মেলা উদ্‌যাপন কমিটির আহ্বায়ক মোকছেদ আলী বিশ্বাস বলেন, ‘পুলিশ প্রশাসন গতকাল র‌্যাফেল ড্র বন্ধ করে দেওয়ায় আমরা বিজয় মেলায় বন্ধ করে দিতে চেয়েছিলাম। এ নিয়ে সাংসদের সঙ্গে আলোচনা করে এবং আজ মেলা কমিটি বসে সিদ্ধান্ত নিয়েছি, র‌্যাফেল ড্র বন্ধ থাকলেও বিজয় মেলা চলবে।’

মহান বিজয় দিবস উপলক্ষে ১৭ ডিসেম্বর সন্ধ্যায় গোয়ালন্দ বাজার শহীদ মুক্তিযোদ্ধা ফকির মহিউদ্দিন আনছার ক্লাব চত্বরে আয়োজিত বিজয় মেলার উদ্বোধন হয়। রাজবাড়ী-১ আসনের সাংসদ কাজী কেরামত আলী প্রধান অতিথি হিসেবে মেলা উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকির আব্দুল জব্বার, উপজেলা পরিষদের চেয়ারম্যান এ বি এম নুরুল ইসলাম, জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি নুরুজ্জামান মিয়া, সাধারণ সম্পাদক ও দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নুরুল ইসলাম মণ্ডল প্রমুখ।