গোয়ালন্দে ব্যবসায়ীকে কুপিয়ে জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় গত মঙ্গলবার রাতে দুর্বৃত্তরা এক ব্যবসায়ীকে কুপিয়ে গুরুতর জখম করেছে। এ সময় দুর্বৃত্তরা ওই ব্যবসায়ীর মোটরসাইকেল নিয়ে পালানোর চেষ্টা করে। তবে স্থানীয় লোকজন ধাওয়া দিলে তারা মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়।
আহত ব্যবসায়ীর নাম আকমল হোসেন (৩৮)। বাড়ি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের ২ নম্বর জুড়ান মোল্যার পাড়ায়। নিজের মুরগির খামারে যাওয়ার পথে গোয়ালন্দ বাজার মাল্লাপট্টি সেতুর ওপর দুর্বৃত্তরা তাঁর ওপর এ হামলা করে। তাঁকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গতকাল বুধবার দুপুরে মুঠোফোনে জানতে চাইলে আকমল হোসেন প্রথম আলোকে বলেন, মঙ্গলবার দিবাগত রাত তিনটার দিকে তাঁর উজানচর নতুন পাড়ার মুরগির খামারে বৈদ্যুতিক সমস্যার বিষয়ে মুঠোফোনে খবর পান। এরপর তিনি মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে খামারের উদ্দেশে বের হন। বাজারের মাল্লাপট্টি সেতুর ওপর ওঠামাত্র সাত-আটজনের মুখোশ পরা দুর্বৃত্ত ধারালো অস্ত্র নিয়ে তাঁর গতিরোধ করে। তাঁর কাছে যা যা আছে, সব বের করে দিতে বলে। দুর্বৃত্তরা মুঠোফোন ও পকেটে থাকা তিন হাজার টাকা কেড়ে নিয়ে তাঁকে এলোপাতাড়ি কোপাতে শুরু করে। তিনি রক্তাক্ত জখম হয়ে মোটরসাইকেল থেকে পড়ে যান। পরে দুর্বৃত্তরা মোটরসাইকেল নিয়ে পালানোর চেষ্টা করে। কিন্তু তাঁর চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে দুর্বৃত্তদের ধাওয়া দেয়। এতে তারা মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে গতকাল ভোরে তাঁকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তাঁর ধারণা ছিনতাইকারী চক্রের সদস্যরা এই হামলা চালিয়েছে।
এ ব্যাপারে গোয়ালন্দ ঘাট থানার ওসি মির্জা আবুল কালাম আজাদ বলেন, এ ব্যাপারে অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।