গোয়ালন্দে ভিজিডির চাল কম দেওয়ার অভিযোগ
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নে দুস্থ নারীদের জন্য সহায়তা (ভিজিডি) কর্মসূচির চাল ওজনে কম দেওয়ার অভিযোগ উঠেছে। তা ছাড়া নিয়মবহির্ভূতভাবে উত্তোলনের ছয় দিন পর চাল বিতরণ করা হয়েছে।
জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পঙ্কজ ঘোষ বলেন, বিশেষ কোনো কারণ উল্লেখ ছাড়া উত্তোলনের কয়েক দিন পর চাল বিতরণের নিয়ম নেই। আর খাদ্যগুদাম থেকে চাল নেওয়ার সময় বস্তা সেলাই করা থাকে। তাই ওজনে কম দেওয়ার সুযোগ নেই। অভিযোগের বিষয়টি খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা খাদ্যগুদাম সূত্র জানায়, ভিজিডি কর্মসূচির আওতায় উপজেলার চারটি ইউনিয়নে ১ হাজার ৬২০ জন কার্ডধারী রয়েছেন। প্রত্যেক কার্ডধারীকে ৩০ কেজি ওজনের এক বস্তা চাল দেওয়ার জন্য গত ২৪ অক্টোবর মোট ৫৪ দশমিক ৬০ মেট্রিক টন চাল সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানদের অনুকূলে বরাদ্দ দেওয়া হয়। এর মধ্যে দেবগ্রামের ৪০০ জন কার্ডধারীর জন্য এ ইউপির চেয়ারম্যান আতর আলী সরদার বরাদ্দ পান ১২ মেট্রিক টনের বেশি চাল। তিনি খাদ্যগুদাম থেকে ওই দিনই চাল তুলে নেন। নিয়ম অনুযায়ী পরদিনই চাল বিতরণের কথা। কিন্তু তা বিতরণ করা হয় গত রোববার। তবে চেয়ারম্যান দাবি করেন, বিশেষ কারণে তিনি ২৪ অক্টোবর চাল তুলতে পারেননি। রোববার সকালে গোডাউন থেকে উত্তোলন করে ওই দিনই বিতরণ করেছেন।
দেবগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাফিজুল ইসলাম অভিযোগ করেন, কার্ডধারী কেউই ৩০ কেজি করে চাল পাননি। দুই-তিন কেজি করে কম দেওয়া হয়েছে বলে অনেকেই তাঁর কাছে অভিযোগ করেছেন।
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন কার্ডধারী এই প্রতিবেদকের কাছে একই অভিযোগ করেন।
রোববার দুপুরে দেবগ্রামে চেয়ারম্যানের বাড়িতে গিয়ে দেখা যায়, বাড়ির সামনের একটি টিনের ছাপরাঘরে চাল বিতরণ করা হচ্ছে। চেয়ারম্যান আতর আলী ও ট্যাগ (তদারক) কর্মকর্তা উপজেলা সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা জাহাঙ্গীর আলম চেয়ারে বসে আছেন। কার্ডধারী ব্যক্তিদের স্বাক্ষর নিয়ে একটি করে চালের বস্তা দিচ্ছেন ইউপি সচিব পরিমল কুমার দাস।
অভিযোগের বিষয়ে ট্যাগ কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, তিনি কয়েকটি বস্তা ওজন দিয়ে দেখেছেন, ২৯ কেজি করে আছে। এ প্রতিবেদকের সামনেই ওজন দিতে অনুরোধ করা হলে একটি বস্তা ওজন দেওয়া হয়। তাতে দেখা যায়, বস্তাসহও ওজন ২৯ কেজি হচ্ছে না।
এ প্রসঙ্গে চেয়ারম্যান আতর আলী বলেন, ‘গুদাম থেকে কিছু কম আসে। ভ্যান, নছিমনে আনার সময় এবং বস্তা ওঠানো-নামানোর সময় চাল পড়ে গিয়ে কিছু ঘাটতি হয়। এ জন্য আধা কেজির মতো কম হতে পারে। তা ছাড়া গুদাম থেকে আমাদের যেভাবে দিয়েছে, আমরা সেভাবেই এনে বিতরণ করেছি।’
তবে খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা শম্ভু কুমার বিশ্বাস প্রথম আলোকে বলেন, ইউপি চেয়ারম্যান এবং ট্যাগ কর্মকর্তা উপস্থিত থেকে গত ২৪ অক্টোবর চাল তুলে নিয়ে যান। বস্তার মুখ সেলাই করা থাকে। গুদাম থেকে চাল কম দেওয়ার সুযোগ নেই।