গোয়ালন্দে যুবককে কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের বকারটিলা গ্রামের জয়নাল মোল্লাকে হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের ফাঁসির দাবিতে এলাকাবাসী গতকাল বিক্ষোভ করে l প্রথম আলো
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের বকারটিলা গ্রামের জয়নাল মোল্লাকে হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের ফাঁসির দাবিতে এলাকাবাসী গতকাল বিক্ষোভ করে l প্রথম আলো

মাহফিলের দাওয়াত দেওয়া নিয়ে গত বৃহস্পতিবার রাতে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় এক যুবককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। এ ঘটনার প্রতিবাদে গতকাল শুক্রবার বিক্ষোভ করেছে এলাকাবাসী। তাদের সহায়তায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নিহত যুবকের নাম জয়নাল মোল্লা (২৮)। তিনি উপজেলার উজানচর ইউনিয়নের বকারটিলা গ্রামের মজিদ মোল্লার ছেলে। পেশায় নছিমন (ভটভটি) চালক জয়নালের এক বছরের ছেলে রয়েছে।
গোয়ালন্দ ঘাট থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মোশাররফ হোসেন বলেন, এ ঘটনায় ছয়জনের নামে হত্যা মামলা হয়েছে। এলাকাবাসীর সহযোগিতায় মামলার ৬ নম্বর আসামি এরশাদ প্রামাণিককে (২৬) গ্রেপ্তার করা হয়েছে। তিনি একই গ্রামের মোসলেম প্রামাণিকের ছেলে। অন্যদের ধরতে অভিযান চলছে।
পুলিশ, পরিবার ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গত মঙ্গলবার বকারটিলা গ্রামে একটি দোয়া মাহফিল ছিল। ওই মাহফিলের দাওয়াত দেওয়া নিয়ে গ্রামের মকিম মোল্লার সঙ্গে ছাত্তার খাঁর বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে ছাত্তারের বড় ভাই বিল্লাল খাঁ ঘটনাস্থলে গিয়ে মকিমকে মারধর করেন। খবর পেয়ে মকিমের চাচাতো ভাই জয়নাল মোল্লা এগিয়ে গেলে তাঁকেও মারতে উদ্যত হন তিনি। তবে স্থানীয় লোকজন পরিস্থিতি শান্ত করে। এরপর বৃহস্পতিবার রাতে জয়নালকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান প্রতিবেশী এরশাদ প্রামাণিক। এর কিছুক্ষণ পরই বাড়ি থেকে ১০০ গজ দূরে রাস্তার ওপর জয়নালকে জখম অবস্থায় পাওয়া যায়।
প্রত্যক্ষদর্শী আলাউদ্দিন মণ্ডল বলেন, রাত আটটার দিকে তাঁর বাড়ির সামনের রাস্তায় জয়নালের সঙ্গে ছাত্তার খাঁর ছেলে জরিপ খাঁ (২৫) ও গ্রামের সোবহান প্রামাণিকের ছেলে রবিউল প্রামাণিকের (২০) তর্কবিতর্ক চলছিল। তিনি তা থামিয়ে দিয়ে মসজিদে প্রবেশ করেন। কিছুক্ষণ পর চিৎকার শুনে বেরিয়ে এসে দেখতে পান জয়নাল জখম অবস্থায় পড়ে আছেন।
জয়নালকে উদ্ধার করে প্রথমে ফরিদপুর সদর হাসপাতালে এবং পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অবস্থা সংকটাপন্ন হওয়ায় রাতেই তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে রাত দুইটার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
এ ব্যাপারে জয়নালের স্ত্রী শিরিন আকতার বলেন, তাঁর স্বামীকে ডেকে নিয়ে যান এরশাদ। আধা ঘণ্টা পর খবর আসে, জয়নাল রাস্তায় পড়ে আছেন।
এদিকে জয়নালের মৃত্যুর খবরে গ্রামের কয়েক শ মানুষ গতকাল সকালে বিক্ষোভ করে। তারা হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়।