গোয়ালন্দে শিক্ষা কর্মকর্তার সঙ্গে শিক্ষকের হাতাহাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তার সঙ্গে সরকারি বাসায় প্রাথমিক বিদ্যালয়ের এক প্রধান শিক্ষকের হাতাহাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ওই শিক্ষা কর্মকর্তা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
অপর দিকে সহকারী শিক্ষা কর্মকর্তাকে প্রত্যাহারের দাবিতে শিক্ষকদের একটি অংশ বিক্ষোভসহ উপজেলা পরিষদের চেয়ারম্যান, নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে অভিযোগ দিয়েছে। শিক্ষা কর্মকর্তার দাবি, পরিকল্পিতভাবে বাসায় এসে তাঁকে লাঞ্ছিত করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও অভিযোগপত্র সূত্রে জানা যায়, গত মঙ্গলবার বিকেলে উপজেলার সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাহিদুল ইসলাম অফিসের কাজে জ্যেষ্ঠ সহকারী শিক্ষা কর্মকর্তা কাজী সানোয়ার হোসেনের উপজেলা কোয়ার্টারের বাসায় যান। সাহিদুল ইসলামের সঙ্গে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মুহাম্মদ বাবর আলী ও সাহাজুদ্দিন মাতুব্বরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেলায়েত হোসেন যান। মুঠোফোন হারানো নিয়ে সেখানে কাজী সানোয়ারের সঙ্গে সহকর্মী সাহিদুল ইসলামের বাগ্বিতণ্ডা হয়। এ সময় শিক্ষক বেলায়েত হোসেন উত্তেজিত হয়ে কাজী সানোয়ারের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন। শিক্ষকনেতা বাবর আলী ও কর্মকর্তা সাহিদুল তাঁদের নিভৃত করেন। কিছুক্ষণ পর বেলায়েত হোসেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। বিষয়টি জানাজানি হলে পাঁচটার দিকে শিক্ষকদের একটি অংশ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ের সামনে বিক্ষোভ করে কাজী সানোয়ারের প্রত্যাহারের দাবি জানান।
এ সময় সহকারী শিক্ষকসমাজ উপজেলা শাখার সভাপতি এস এম শাহজাহান, সাধারণ সম্পাদক মোমিনুল ইসলাম, চাঁদখানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোজাহার হোসেন, মইজুদ্দিনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শেখ নাজিমুদ্দিন, নগরবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিমল রায় বক্তব্য দেন। তাঁরা প্রধান শিক্ষককে মারধরের প্রতিবাদ জানিয়ে কাজী সানোয়ারকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে প্রত্যাহারের দাবি জানান।
হাসপাতালে বেলায়েত হোসেন বলেন, মুঠোফোন হারানো নিয়ে সহকারী শিক্ষা কর্মকর্তা কাজী সানোয়ার এবং অপর সহকারী শিক্ষা কর্মকর্তা সাহিদুল ইসলাম বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়েন। এ সময় তাঁদের নিভৃত করার চেষ্টা করা হয়। কিন্তু শিক্ষা কর্মকর্তা সানোয়ার উল্টো সবাইকে বাসা থেকে বের হয়ে যেতে বলেন। এ নিয়ে উভয়ে তর্কে জড়িয়ে পড়লে উত্তেজিত হয়ে কাজী সানোয়ার তাঁকে (বেলায়েত) কিল-ঘুষি মারেন। গতকাল বুধবার তাঁকে হাসপাতাল কর্তৃপক্ষ ছাড়পত্র দিয়ে বাসায় বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন।
কাজী সানোয়ার হোসেন বলেন, ‘অফিশিয়াল কাজ নিয়ে সহকর্মী সাইদুল আমার বাসায় আসেন। নিজেদের ভুল -বোঝাবুঝিতে কথা-কাটাকাটির সময় বেলায়েত হোসেন আমাকে গালমন্দ করে অতর্কিতে কিল-ঘুষি মারেন। শিক্ষকনেতা বাবর আলী ও সাহিদুল ইসলাম তাঁকে সরিয়ে নিয়ে গেলে তিনি আমাকে প্রাণনাশের হুমকি দেন। অথচ বিদ্যালয় চলাকালে স্কুল ফেলে পরিকল্পিতভাবে আমার বাসায় এসে শারীরিকভাবে লাঞ্ছিত করায় আমি থানায় জিডি করেছি।’
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবদুল মালেক বলেন, উভয়ের কাছ থেকে অভিযোগ পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত সাপেক্ষে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে।
উপজেলা প্রাথমিক শিক্ষা কমিটির সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এ বি এম নুরুল ইসলাম বলেন, ‘শিক্ষা কর্মকর্তা ও শিক্ষকের এমন আচরণ খুব দুঃখজনক। শিক্ষকদের দাবির পরিপ্রেক্ষিতে কাজী সানোয়ারকে অন্যত্র সরিয়ে নিতে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বলেছি। ’