গোয়ালন্দে স্কুলছাত্রকে মারধরের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় এক স্কুলছাত্রকে মারধরের প্রতিবাদে গত রোববার বিক্ষোভ ও মানববন্ধন করেছে বিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরে অভিযুক্ত দুই শিক্ষকের বিরুদ্ধে মামলা করেন ওই ছাত্রের বাবা।

ওই স্কুলছাত্রের নাম আতিয়ার রহমান (১৬)। সে উপজেলার নাজির উদ্দিন পাইলট উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ও চর দৌলতদিয়া হুকুম মাতুব্বরপাড়ার আকবর আলী মোল্যার ছেলে। সে বর্তমানে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

বিদ্যালয়ের একাধিক ছাত্র ও অভিভাবকের সঙ্গে কথা বলে জানা যায়, গত শনিবার বিকেলে দশম শ্রেণির ধর্ম বিষয়ের ক্লাস নিচ্ছিলেন সহকারী শিক্ষক মোকলেসুর রহমান। এ সময় পেছনের দিকে বসা কয়েকজন ছাত্র ওই শিক্ষকের নামে কটূক্তি করে। ক্লাস শেষে অন্য শিক্ষার্থীরা শ্রেণিকক্ষ ছাড়লেও আতিয়ারকে ডেকে নিয়ে বেত দিয়ে পেটান তিনি। একপর্যায়ে অচেতন হয়ে পড়লে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় সহপাঠীরা।

হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আজিজুর রহমান খান বলেন, আতিয়ারের শরীরে কয়েকটি আঘাতের চিহ্ন রয়েছে। হাসপাতালে সহপাঠীদের ভিড় সামলানো যাচ্ছিল না। পরে পরিবারের সম্মতিতে আতিয়ারকে সন্ধ্যায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিদ্যালয়ের দশম শ্রেণির এক ছাত্র অভিযোগ করে বলে, বিদ্যালয়ের নির্ধারিত পোশাকনা পরায় বেলা ১১টার দিকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জহুরুল ইসলামও আতিয়ারকে বেত্রাঘাত করেন।

তবে জহুরুল ইসলাম বলেন, ‘ক্লাসে শিক্ষক মোকলেসুরের সঙ্গে বেয়াদবি করায়তিনি আতিয়ারকে বেত্রাঘাত করেন। এ বিষয়ে উভয়ের সঙ্গে কথা বলে সমাধানের চেষ্টা করছি।’এদিকে ঘটনার প্রতিবাদে রোববার দুপুরে নাজির উদ্দিন পাইলট উচ্চবিদ্যালয়সহ আশপাশের বিদ্যালয়গুলোর কয়েক শ শিক্ষার্থী দৌলতদিয়া-খুলনা মহাসড়কের গোয়ালন্দ বাসস্ট্যান্ডে মানববন্ধন ও বিক্ষোভ করে। একাত্মতা প্রকাশ করে কর্মসূচিতে যোগ দেয় উপজেলা ছাত্রলীগও। এ সময় অভিযুক্ত দুই শিক্ষকের শাস্তি দাবি করা হয়।

উপজেলা ছাত্রলীগের সভাপতি এ বি এম বাতেন মানববন্ধনে বলেন, অবিলম্বে অভিযুক্ত দুই শিক্ষককে বদলি করা না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে। এদিকে আকবর আলী মোল্যা রোববার বিকেলে জহুরুল ইসলাম ও মোকলেসুর রহমানের বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আমিনুল ইসলাম বলেন, অভিযোগ পাওয়ার পর বিষয়টি তদন্ত করছেন তাঁরা। এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি।