গোয়ালন্দে স্বামীর নির্যাতনে আহত গৃহবধূর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় স্বামীর নির্যাতনে গুরুতর আহত গৃহবধূ আসমা বেগম (৩৫) মারা গেছেন। প্রায় এক মাস চিকিৎসাধীন থাকার পর গত শনিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
আসমা বেগম গোয়ালন্দ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কছিমদ্দিন সরদারপাড়ার লাল মিয়ার মেয়ে। তাঁর স্বামী বাচ্চু শেখের (৪০) বাড়ি একই ওয়ার্ডের কাইমদ্দিন প্রামাণিকপাড়ায়। নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা মামলায় ২ জুলাই বাচ্চু শেখকে গ্রেপ্তার করে পুলিশ।
নিহত গৃহবধূর পরিবার সূত্রে জানা যায়, নয় মাস আগে আসমা বেগম ও বাচ্চু শেখের বিয়ে হয়। শুরু থেকেই যৌতুকের দাবিতে তাঁকে নির্যাতন করছিলেন বাচ্চু শেখ। তাঁকে এক লাখ টাকা ও একটি অটোরিকশা দেওয়া হয়। কিছুদিন পর যৌতুকের দাবিতে আবারও তিনি নির্যাতন শুরু করেন। ২৬ জুন বাচ্চু শেখের হাতুড়ির আঘাতে গুরুতর আহত হন আসমা বেগম। অবস্থা আশঙ্কাজনক দেখে শ্বশুর-শাশুড়ি তাঁকে গোয়ালন্দ বাজারে এক চিকিৎসকের কাছে নিয়ে যান। আসমার বাবা খবর পেয়ে তাঁকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে সেখান থেকে আসমাকে সাভারের এনাম হাসপাতালে স্থানান্তর করা হয়। আর্থিক সংকটের কারণে ৩ জুলাই তাঁকে গোয়ালন্দ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ৯ জুলাই আসমাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অবশেষে শনিবার সন্ধ্যায় সেখানে তাঁর মৃত্যু হয়।
এ ঘটনায় ৩০ জুন আসমা বেগমের ভাই দৌলত শেখ বাদী হয়ে বাচ্চু শেখসহ তিনজনের বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় মামলা করেন। ২ জুলাই দৌলতদিয়া ঘাট থেকে স্থানীয় লোকজনের সহযোগিতায় বাচ্চু শেখকে গ্রেপ্তার করে পুলিশ।
গতকাল রোববার বাচ্চু শেখের বাড়িতে গিয়ে দেখা যায় ঘরে তালা দেওয়া। প্রতিবেশী মিলন মণ্ডল ও আউয়াল সরদার জানান, এক মাস ধরে তাঁদের বাড়িতে কেউ নেই।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা আবুল কালাম আজাদ জানান, প্রধান আসামি বাচ্চুকে গ্রেপ্তার করা হয়েছে। অপর দুই আসামি বাচ্চুর বাবা ও মা পলাতক। গৃহবধূর মৃত্যুর বিষয়টি আদালতকে জানানো হয়েছে।