গোয়ালন্দে সড়ক সংস্কারে অনিয়মের অভিযোগ
>পুরোনো খোয়া ও কার্পেটিং ভালোভাবে না তুলেই রাস্তার সংস্কারকাজ করা হয়েছে। প্রয়োজনীয় উপকরণ ব্যবহার না করায় সড়কের অনেক স্থানে নতুন কার্পেটিংও উঠে যাচ্ছে
রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভায় ইউপি (তাজউদ্দীন আহমদ) সড়ক সংস্কার ও উন্নয়নকাজে অনিয়মের অভিযোগ উঠেছে।
এলাকাবাসী বলছেন, পুরোনো খোয়া ও কার্পেটিং ভালোভাবে না তুলেই রাস্তার সংস্কারকাজ করা হয়েছে। প্রয়োজনীয় উপকরণ ব্যবহার না করায় সড়কের অনেক স্থানে নতুন কার্পেটিংও উঠে যাচ্ছে। তবে ঠিকাদারি প্রতিষ্ঠান বলছে, কর্তৃপক্ষের অনুরোধে দরপত্রের চেয়েও অধিক কাজ করা হয়েছে। এ ছাড়া ভারী বৃষ্টির কারণে কিছু সমস্যা হচ্ছে।
পৌরসভা কার্যালয় সূত্র জানায়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের রেলস্টেশন এলাকা থেকে ৮ নম্বর ওয়ার্ডের বেড়িবাঁধ বটতলা পর্যন্ত দুই হাজার মিটার এবং কুমড়াকান্দি রেলস্টেশন থেকে ইউপি সড়ক পর্যন্ত ৪২৫ মিটার সংযোগ সড়ক সংস্কারকাজের দরপত্র আহ্বান করা হয় গত ১৪ মার্চ। ১৬ মার্চ শুরু করে ১৪ জুলাইয়ের মধ্যে কাজ শেষ করার কথা। এতে প্রাক্কলিত মূল্য ৯৩ লাখ ৬৪ হাজার ১৭৫ টাকা এবং চুক্তিমূল্য ধরা হয় ৯৩ লাখ ৬৩ হাজার ৬৬৪ টাকা। পৌরসভার তত্ত্বাবধানে এটি বাস্তবায়নের দায়িত্বে রয়েছে ফরিদপুরের মেসার্স শেখ এন্টারপ্রাইজ। প্রকল্পের অধীনে পুরোনো ইট ও খোয়া তুলে ভাঙা স্থান মেরামত করতে হবে। তিন মিটার চওড়া করে পুরো সড়ক কার্পেটিং এবং দশমিক ২৫ মিটার এজিংসহ দুই পাশে প্রয়োজনীয় স্থানে প্যালাসাইডিং (ধসরোধী দেয়াল) নির্মাণ করার কথা। এরই মধ্যে কার্পেটিংয়ের কাজ শেষ হয়েছে। সড়কের দুই পাশে প্যালাসাইডিংয়ের কাজ চলছে। তবে এলাকাবাসীর অভিযোগ, সঠিক নিয়মে সড়কে কার্পেটিং করা হয়নি।
৮ নম্বর ওয়ার্ডের বালিয়াডাঙ্গা গ্রামের জসিম ফকির, লিয়াকত ফকির ও মায়া বেগম বলেন, ‘পুরোনো কার্পেটিং ভালোভাবে না তুলেই ঠিকাদার কাজ শুরু করেন। বিটুমিন, পিচসহ অন্য সব উপকরণ ঠিকমতো দেওয়া হয়নি। ফলে কিছু স্থানে কার্পেটিং উঠে গিয়েছিল। আমরা প্রতিবাদ করলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশে ঠিকাদারের লোকজন পুনরায় সেসব স্থানে কাজ করেছেন।’
৭ নম্বর ওয়ার্ডের জুড়ান মোল্লাপাড়া গ্রামের মো. সালাউদ্দিন বলেন, অনিয়মের প্রতিবাদে সম্প্রতি ইদ্রিসিয়া ইসলামিয়া মাদ্রাসার পাশের সড়কে স্থানীয় লোকজন কয়েক ফুট অংশের কার্পেটিং তুলে ফেলেন। এ ছাড়া লিংক রোডের স্থানীয় আনসার সরদারের বাড়ির কাছে পানি জমে বড় গর্ত তৈরি হয়। তবে ঠিকাদারের দাবি, স্থানীয় লোকজন সেখানে গতিরোধক নির্মাণের দাবিতে কার্পেটিং তুলে ফেলেছিলেন। পরদিন সকালে সেখানে আবার মেরামত করা হয়। এ ছাড়া লিংক রোডের গর্তটিও মেরামত করা হয়েছে।
সংস্কারকাজে অনিয়মের অভিযোগ অস্বীকার করে মেসার্স শেখ এন্টারপ্রাইজের মালিক মো. মজনু শেখ বলেন, ‘দরপত্রের নিয়ম মেনেই কাজ করা হচ্ছে। স্থানীয় লোকজন যেখানে সমস্যার কথা বলেছেন, তাৎক্ষণিকভাবে সেখানে মেরামত করা হয়েছে। সড়কটি তিন মিটার প্রস্থ হওয়ার কথা থাকলেও মেয়রের অনুরোধে ৩ দশমিক ১ মিটার প্রস্থ করা হয়েছে। এ কাজে লাভ তো দূরের কথা, আসল টাকাই উঠবে কি না, ভাবছি।’ তিনি আরও বলেন, ঈদের কয়েক দিন আগে সড়কে কার্পেটিংয়ের কাজ শেষ করে এখন প্যালাসাইডিংয়ের কাজ চলছে। কাজের মেয়াদ শেষ হওয়া সম্পর্কে তিনি বলেন, ‘ঈদের আগে থেকে এখন বৃষ্টির কারণে কাজ এগোচ্ছে না। এ ছাড়া রাস্তায় ক্ষতি হচ্ছে। এ কারণে আমরা কর্তৃপক্ষের কাছে আরও দুই মাস সময় বাড়ানোর আবেদন করেছি।’
কাজের তদারকির দায়িত্বে থাকা পৌরসভার উপসহকারী প্রকৌশলী রেহেনা পারভীন বলেন, ‘সার্বক্ষণিক কাজের তদারকি করছি। কিছু স্থানে নিম্নমানের হলেও পরে তা ঠিক করা হয়েছে। তবে বৃষ্টিতে কাজে বিঘ্ন হওয়ায় তারা সময় বাড়ানোর আবেদন করেছে।’
পৌরসভার মেয়র শেখ মো. নিজাম বলেন, ‘সড়কের সংস্কারকাজে পৌরসভার কঠোর নজরদারি রয়েছে। সময় পেলেই সেখানে যাচ্ছি। অনেক সময় কিছু না বুঝেই কেউ কেউ মন্তব্য করেন। সেখানে কাজের মান নিয়ে চিন্তিত হওয়ার কারণ নেই।’