গোয়ালন্দে সড়কের পাশের গাছ কেটে নিচ্ছে দুর্বৃত্তরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভাসহ উপজেলার বিভিন্ন সড়কের পাশের নানা মূল্যবান গাছ রাতের অন্ধকারে কেটে নিয়ে যাচ্ছে দুর্বৃত্তরা। স্থানীয় লোকজনের অভিযোগ, বন বিভাগের কিছু অসাধু কর্মচারীর যোগসাজশে গাছ কেটে নেওয়া হচ্ছে। পাশাপাশি উপকারভোগী সমিতির নামেও দিনের বেলায় কিছু গাছ কেটে নেওয়া হচ্ছে।

সংশ্লিষ্ট অধিদপ্তর ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ১৫ থেকে ২০ বছর আগে দৌলতদিয়া-খুলনা মহাসড়কের মোকবুলের দোকান থেকে দৌলতদিয়া পর্যন্ত প্রায় আট কিলোমিটার, পৌর জামতলা থেকে কাটাখালী বাজার পর্যন্ত তিন কিলোমিটার, গোয়ালন্দ বাজার মাল্লাপট্টি থেকে উজানচর জামতলা পর্যন্ত আট কিলোমিটার এবং মাল্লাপট্টি সেতু থেকে উজানচর হাবিল মণ্ডল পাড়া পর্যন্ত তিন কিলোমিটার এলাকায় বন বিভাগের উদ্যোগে সামাজিক বনায়নের মাধ্যমে নানা প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। এ ছাড়া মহাসড়কের জমিদার সেতু থেকে ছোটভাকলা ইউনিয়নের ভাগলপুর পর্যন্ত স্থানীয় সরকার প্রকৌশল দপ্তরের (এলজিইডি) পক্ষ থেকে গাছের চারা রোপণ করা হয়। এর মধ্যে কিছু কিছু গাছ মরে গেছে। সেগুলো স্থানীয় একটি চক্র ও সামাজিক বনায়নের উপকারভোগী সদস্য পরিচয়ে ইচ্ছেমতো কেটে নেওয়া হচ্ছে। আবার রাতের অন্ধকারে দুর্বৃত্তরাও গাছ কেটে নিচ্ছে।

সরেজমিনে দেখা গেছে, পৌরসভার বাহাদুরপুর সড়কের পাশ থেকে কয়েক মাসে বেশ কিছু শিশু, বাবলা ও রেইনট্রি ও কড়ইগাছ কেটে নিয়েছে দুর্বৃত্তরা। উপজেলার জমিদার সেতু থেকে ভাগলপুর সড়কের পাশে থাকা এলজিইডির রোপণ করা বেশ কিছু মূল্যবান মেহগনিগাছ কেটে নেওয়ার প্রমাণ পাওয়া যায়। স্থানীয় বাসিন্দাদের দাবি, চলতি বছর শতাধিক গাছ কেটে নেওয়া হয়েছে। প্রতিটি গাছের মূল্য ১৫ হাজার থেকে ২০ হাজার টাকা হবে।

বাহাদুরপুর গ্রামের শেখর আহমেদ প্রথম আলোকে বলেন, কয়েক দিন আগে ঝড়ে একটি মরা শিশুগাছ বড় দুটি বাবলাগাছের ওপর হেলে পড়ে। পরে উপকারভোগী সমিতির সদস্য পরিচয়ে কয়েকজন তিনটি গাছই কেটে নিয়ে যায়।

আল্ মাহমুদ নামের এক ব্যক্তি বলেন, রাতের আঁধারে দুর্বৃত্তরা গাছ কেটে নেয়। পরে গোড়ায় মাটি লেপে দেয়।

বাহাদুরপুর-জামতলা অঞ্চলের দায়িত্বরত সামাজিক বনায়নের উপকারভোগী সমিতির সভাপতি মজিবর রহমান বলেন, কয়েক দিন আগে একটি মরা শিশু ও দুটি বাবলাগাছ ঝড়ে পাশের কলাবাগানে পড়ে যায়। আরেক এলাকায় একটি মরা শিশুগাছ আরেকটি মেহগনিবাগানে পড়ে। বাগান ক্ষতির হাত থেকে রক্ষা করতে গাছগুলো কেটে ফেলা হয়েছে। এর বাইরে সমিতির লোকজন কোনো গাছ কেটেছেন বলে তাঁর জানা নেই।

দৌলতদিয়া-খুলনা মহাসড়কের বাংলাদেশ হ্যাচারি এলাকার উপকারভোগী সমিতির সভাপতি আবদুল আহাদ বলেন, সম্প্রতি ঝড়ে কিছু গাছ ও ডালপাল ভেঙে পড়লে স্থানীয় কিছু ব্যক্তি রাতের অন্ধকারে কেটে নিয়ে যায়। এ রকম চিহ্ন পাওয়া গেলেও এ ঘটনায় কারা জড়িত, তা জানা সম্ভব হয়নি। এ কারণে ব্যবস্থা নেওয়া যায়নি।

উপজেলার ভারপ্রাপ্ত বন কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, ‘কেউ গাছ কাটছে কি না, আমার জানা নেই। গাছ কাটায় বন বিভাগের কেউ জড়িত নন।’

উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাসান হাবীব বলেন, এ ধরনের অভিযোগ কেউ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।