গোয়ালন্দে 'বন্দুকযুদ্ধে' যুবক নিহত
রাজবাড়ীর গোয়ালন্দে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক যুবক নিহত হয়েছেন। গতকাল রোববার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি তালিকাভুক্ত সন্ত্রাসী ছিলেন বলে দাবি পুলিশের।
পুলিশের ভাষ্যমতে, নিহত ব্যক্তির নাম আরশাদ বেপারী (২৫)। তাঁর বাড়ি উপজেলার উত্তর দৌলতদিয়ার ইমান খাঁর পাড়ায়। বাবার নাম সাহা বেপারী ওরফে সাহাজদ্দিন বেপারী।
পুলিশের দাবি, আরশাদ পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ছিলেন। তাঁর বিরুদ্ধে গোয়ালন্দঘাট থানায় হত্যা, ডাকাতি, বোমা হামলাসহ বিভিন্ন অভিযোগে করা সাতটি মামলা রয়েছে। ‘বন্দুকযুদ্ধের’ আগে একটি বন্দুক ও দুটি কার্তুজ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় গোয়ালন্দঘাট থানার ওসিসহ পুলিশের তিন সদস্য আহত হয়েছেন।
গোয়ালন্দঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শাহজালালের ভাষ্য, গতকাল রাত ১০টার দিকে উপজেলার দৌলতদিয়া থেকে আরশাদকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অস্ত্রের সন্ধান দেন তিনি। রাত দেড়টার দিকে তাঁকে নিয়ে অভিযানে যায় পুলিশ। গোয়ালন্দের পদ্মারমোড় মঞ্জু মিয়ার ইট ভাটার কাছে কচুরিপানার ভেতর থেকে একটি বন্দুক ও দুটি কার্তুজ উদ্ধার করা হয়। অভিযান শেষে ফেরার সময় পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে সন্ত্রাসীরা। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। আরশাদ এ সময় পালানোর চেষ্টা করেন। দুই পক্ষের গুলিবিনিময়ের মধ্যে পড়েন তিনি।
পুলিশের ভাষ্য, ‘বন্দুকযুদ্ধের’ ঘটনায় গোয়ালন্দঘাট থানার ওসি শাহজালাল, উপপরিদর্শক (এসআই) রফিক উদ্দিন ও কনস্টেবল আনিসুর রহমান এবং আরশাদ আহত হন। পরে তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পুলিশের তিন সদস্য সেখানে প্রাথমিক চিকিৎসা নেন। আরশাদকে রাজবাড়ী সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে তাঁকে কর্তব্যরত চিকিৎসা কর্মকর্তা মৃত ঘোষণা করেন।
পুলিশ জানায়, এ ঘটনায় হত্যা ও আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা হয়েছে। মামলার বাদী গোয়ালন্দঘাট থানার উপপরিদর্শক (এসআই) রফিক উদ্দিন। ময়নাতদন্তের জন্য আরশাদের লাশ রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।