গোয়ালন্দের চরাঞ্চলে সন্ত্রাসীদের অস্ত্রের মহড়া, ফাঁকা গুলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের চরাঞ্চলে চরমপন্থী সন্ত্রাসীরা এবার প্রকাশ্যে অস্ত্রের মহড়া দিয়ে ফাঁকা গুলিবর্ষণ করছে। সবাইকে জানান দিচ্ছে তারা সক্রিয় রয়েছে।

গত শনিবার দিবাগত রাতে সন্ত্রাসীরা ইঞ্জিনচালিত ট্রলারে এসে অস্ত্রের মহড়া দিয়ে এলাকাবাসীর মাঝে আতঙ্ক ছড়ায়। গ্রামবাসীর বাধায় তারা ফিরে যেতে বাধ্য হয়। খবর পেয়ে রাতেই পুলিশ অভিযান চালালেও কাউকে আটক করতে পারেনি।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা আবুল কালাম আজাদ জানান, শনিবার দিবাগত রাতে সন্ত্রাসীদের গুলি করার বিষয়টি জানার পর তাৎক্ষণিক সেখানে অভিযান চালানো হয়। সন্ত্রাসীরা এর আগেই এলাকা ছেড়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

থানার পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, পূর্ববাংলার কমিউনিস্ট পার্টি (এমএল) লাল পতাকার রকিবুল হাসান বাপ্পি-লালন মোল্লা এবং আবদুল হালিম-দেলোয়ার গ্রুপ অবস্থান জানান দিতে মাঝেমধ্যে গোয়ালন্দ ও রাজবাড়ীর চরাঞ্চলে অস্ত্রের মহড়া দেয়। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কয়েক মাস আগে দেবগ্রাম অন্তারমোড়ে প্রতিপক্ষের লোকজনের হাতে গুলিবিদ্ধ হন আবদুল হালিম। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই হালিমকে দ্রুত ফরিদপুর, পরে ঢাকায় নিয়ে গোপনে চিকিৎসা করানো হয়। তাঁর চিকিৎসার জন্য বড় ভূমিকা পালন করেন অন্যতম সহযোগী দেলোয়ার হোসেন ওরফে দিলু (৩০)। প্রতিপক্ষ বিষয়টি বুঝতে পেরে গত ১৮ এপ্রিল দেবগ্রাম ইউনিয়নের চর বাগাবাড়ি বালুর চরে নিয়ে দেলোয়ার হোসেনকে হত্যা করে। পুলিশ পরদিন দেলোয়ার হোসেনের দ্বিখণ্ডিত লাশ উদ্ধার করে। দেহ থেকে প্রায় ৫০ গজ দূরে মাথা পাওয়া যায়। তিনি স্থানীয় চর দেলন্দি গ্রামের বেলায়েত ব্যাপারীর ছেলে। আগের দিন রাতে নদীতে মাছ ধরার সময় নৌকায় শিশুসন্তানের সামনে থেকে তাকে তুলে নেয় সন্ত্রাসীরা। লাশের হাত-পা বাঁধা ও পায়ের রগ কাটা ছিল। পিঠে ছয়-সাতটি ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল। ঘটনার পর ১৩ মে দেবগ্রামের রাখালগাছি চরে র‍্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে রকিবুল হাসান বাপ্পি (৩০) ও লালন মোল্লা (৩৩) নিহত হন। বাপ্পি পাবনার জালালপুর গ্রামের সফি মুনশির ছেলে। র‍্যাবের দাবি, বাপ্পি লাল পতাকার আঞ্চলিক বাহিনীপ্রধান। লালন রাজবাড়ীর বরাট ইউনিয়নের কুদ্দুস মোল্লার ছেলে। তিনি বাপ্পির অন্যতম সহযোগী। তাঁদের বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানাসহ রাজবাড়ী ও পাবনা সদর থানায় হত্যা, চাঁদাবাজি, অস্ত্রসহ প্রায় এক ডজন মামলা রয়েছে। ঘটনাস্থল থেকে পুলিশ ৩৭টি গুলিসহ একটি রাইফেল, তিনটি গুলিসহ একটি বিদেশি পিস্তল, সাতটি কার্তুজসহ দুটি বিদেশি ওয়ান শুটারগান, ১৩টি বন্দুকের গুলি, দুটি ছোরা, রামদা ও লিফলেট উদ্ধার করে। এরপর অনেকটা কোণঠাসা হয়ে পড়েন চরমপন্থী সংগঠনের সদস্যরা। কিন্তু নতুন করে জানান দিতে ফের চরাঞ্চলে অস্ত্রের মহড়া দিচ্ছেন।

দেবগ্রাম ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য লোকমান খাঁ জানান, বন্দুকযুদ্ধে দুজন নিহত হওয়ার দু-তিন দিন পর সন্ত্রাসীরা নিজেদের শক্ত অবস্থান জানান দিতে প্রায় রাতে অস্ত্রের মহড়া নিয়ে এলাকায় ঢোকার চেষ্টা করছে। গ্রামবাসী জোটবদ্ধ হয়ে পাহারা দেওয়ায় ঢুকতে পারছে না। শনিবার রাতে তারাবির নামাজ শেষে কাওয়ালজানি এলাকার নদীর দিক থেকে মুসল্লিরা গুলির শব্দ শুনতে পান। লোকজন দ্রুত সংগঠিত হয়ে ধাওয়া দিলে সন্ত্রাসীরা সাত-আটটি ফাঁকা গুলি ছোড়ে। এ সময় গ্রামবাসীর মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তার আগে সন্ত্রাসীরা স্থানীয় মমিন সরদার পাড়ার দুই যুবককে বাড়ি ফেরার পথে মারধর করে টর্চলাইট কেড়ে নেয়। তিনি জানান, উপায় না পেয়ে ১০-১২ দিন ধরে ফজলু সরদার পাড়া, লোকমান মেম্বার পাড়া, উম্বার খাঁর পাড়া, আজিজ সরদার পাড়া, মমিন সরদার পাড়া ও কাওয়ালজানির শতাধিক লোক প্রতিদিন রাত জেগে পর্যায়ক্রমে পাহারা দিচ্ছেন। ১০-১২ দিনে সন্ত্রাসীরা তিনবার গ্রামে প্রবেশের চেষ্টা করে ব্যর্থ হয়েছে।