গোয়েন্দা কর্মকর্তার বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যৌতুকের দাবিতে নির্যাতনের বিচার ও শিশুসন্তানকে নিজের কাছে রাখার দাবিতে জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) কর্মকর্তা সেলিম রহমানের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন তাঁর ‘সাবেক’ স্ত্রী ফারজানা ইয়াসমীন। গতকাল বুধবার দুপুরে যশোর প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন করা হয়।

লিখিত বক্তব্যে ফারজানা বলেন, সেলিম রহমানের সঙ্গে ২০০৯ সালে তাঁর বিয়ে হয়। এরপর সেলিম পাঁচ লাখ টাকা যৌতুক দাবি করেন। দিতে না পারায় প্রায় আট মাস তাঁকে শ্বশুরবাড়ি থেকে বের হতে দেওয়া হয়নি। তাঁর বাবার বাড়ির কাউকে শ্বশুরবাড়িতে ঢুকতে দেওয়া হয়নি। এ ছাড়া তাঁকে মারধরসহ মানসিক নির্যাতন করা হতো। তাঁদের সাড়ে পাঁচ বছরের একটি মেয়ে আছে। চলতি বছরের ২৮ জানুয়ারি সেলিম ও তাঁর মা-বাবা মেয়েটিকে রেখে তাঁকে (ফারজানা) বাড়ি থেকে বের করে দেন। সম্প্রতি সন্তানকে ফেরত পাওয়ার জন্য যশোরের আদালতে মামলা করা হয়েছে। এ ছাড়া যৌতুক নিরোধ আইনে শ্বশুর-শাশুড়ি ও জায়ের বিরুদ্ধে আদালতে অভিযোগ করা হয়েছে। তিনি শিশুসন্তানকে ফিরে পেতে চান।

ফারজানা আরও বলেন, ‘এনএসআইসহ বিভিন্ন দপ্তরে আবেদন করে কোনো লাভ হয়নি। মামলা করায় সেলিম আমাকে হত্যার হুমকি দিচ্ছেন।’

অভিযোগ অস্বীকার করে সেলিম রহমান বলেন, ‘সাড়ে তিন মাস আগে আমি স্ত্রীকে তালাক দিয়েছি। এরপর ক্ষুব্ধ হয়ে যৌতুকের নাটক সাজিয়ে আদালতে অভিযোগ দেওয়া হয়েছে। মারধরের ভয়ে আমার মেয়ে তার মায়ের কাছে যেতে চায় না।’