গোয়েন্দা পরিচয়ে ব্যবসায়ীকে তুলে নেওয়ার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অনিরুদ্ধ কুমার রায়
অনিরুদ্ধ কুমার রায়

ব্যবসায়ী ও বাংলাদেশে বেলারুশের অনারারি কনসাল অনিরুদ্ধ কুমার রায় নিখোঁজ হয়েছেন বলে রাজধানীর গুলশান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে। অনিরুদ্ধ কুমার রায় নিখোঁজ হয়েছেন বলে আজ রোববার বিকেলে তার ভাগনে গুলশান থানায় একটি জিডি করেছেন।

অনিরুদ্ধ রায়ের পারিবারিক সূত্র জানিয়েছ, রোববার বিকেলে গুলশান এক নম্বর এলাকা থেকে একটি গোয়েন্দা সংস্থার পরিচয়ধারী লোকজন তাঁকে মাইক্রোবাসে তুলে নিয়ে যায়।

বাংলাদেশি উদ্যোক্তা প্রতিষ্ঠান আরএমএম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক হলেন অনিরুদ্ধ কুমার রায়। তিনি সাতবার গুরুত্বপূর্ণ ব্যবসায়িক ব্যক্তিত্ব (সিআইপি) হিসেবে সরকারের পক্ষ থেকে স্বীকৃতি পেয়েছেন বলে পরিবার সূত্র জানিয়েছে।

পরিবারের একটি সূত্র জানায়, রোববার বিকেলে গুলশান-১-এ নিজের গাড়িতে ওঠার সময় ৭-৮ জন লোক এসে নিজেদের একটি গোয়েন্দা সংস্থার সদস্য পরিচয় দিয়ে একটি মাইক্রোবাসে অনিরুদ্ধ কুমার রায়কে তুলে নিয়ে যায়। তাঁর গাড়ির চালকসহ অন্যরা বিষয়টি দেখেছেন। পরে তাঁর ভাগনে কল্লোল রায় গুলশান থানায় তিনি নিখোঁজ হয়েছেন বলে একটি জিডি করেন।

পুলিশের গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক প্রথম আলোকে বলেন, বিকেল চারটার দিকে গুলশান-১ থেকে অনিরুদ্ধ কুমার রায় নিখোঁজ হয়েছেন বলে জিডিতে বলা হয়েছে। পুলিশ তাঁর খোঁজ পেতে চেষ্টা চালিয়ে যাচ্ছে।

পুলিশের একটি সূত্র জানায়, স্বজনেরা থানায় ব্যবসায়িক বিরোধের কথা জানিয়েছেন। ধারণা করা হচ্ছে, ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বী কোনো পক্ষ অনিরুদ্ধ কুমার রায়কে ধরে নিয়ে গেছে।