রাজধানীর ভাষানটেকে গত রোববার দিবাগত রাতে গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ সোহেল শেখ (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। তবে পরিবারের সদস্যদের দাবি, চার দিন ধরে সোহেল নিখোঁজ ছিলেন।
ডিবি বলেছে, ১১ এপ্রিল ভাষানটেকে সন্ত্রাসী ইব্রাহিম গ্রুপের সঙ্গে কিলার আব্বাস ও ডিএসপি বাবু গ্রুপের গোলাগুলিতে জামাল ওরফে চিকু জামাল ওরফে মুসা নামের এক ব্যক্তি আহত হন। চিকিৎসাধীন অবস্থায় পরে তিনি মারা যান। মৃত্যুর আগে তিনি সোহেলসহ কয়েকজনের নাম বলেন। তাঁদের গ্রেপ্তার করতে রোববার দিবাগত রাত সোয়া একটার দিকে ভাষানটেক থানার দেওয়ানপাড়ার মাটিকাটা লোহার ব্রিজ এলাকায় অভিযানে যায় ডিবি পশ্চিমের একটি দল। এ সময় ব্রিজের পাশে থাকা সন্দেহভাজন পাঁচ-ছয়জন ডিবির দলটিকে লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে। জবাবে ডিবিও গুলি করে। এতে এক সন্দেহভাজন ব্যক্তি আহত হন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে একটি পিস্তল, দুটি রিভলবার, পাঁচটি গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে।
ডিবির (পশ্চিম) উপকমিশনার সাজ্জাদুর রহমান বলেন, গোলাগুলির পর ঘটনাস্থলের একটু দূর থেকে গ্রেপ্তার করা হিরনের মাধ্যমে মৃত যুবকের নাম সোহেল বলে পুলিশ জানতে পারি। হিরন ও সোহেল দুজনই জামাল হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। এই মামলা ছাড়াও সোহেলের বিরুদ্ধে একাধিক অস্ত্র ও হত্যা মামলা রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোহেল স্ত্রীসহ সাভারের নবীনগরে থাকতেন। তাঁর মা-বাবা ও পরিবারের অন্য সদস্যরা ভাষানটেক বস্তিতে থাকেন। গতকাল সোমবার দুপুরে ভাষানটেক ২ নম্বর বস্তিতে কথা হয় সোহেলের অন্তঃসত্ত্বা স্ত্রী সান্ত্বনা আক্তারের সঙ্গে। তিনি প্রথম আলোকে বলেন, সোহেল ১৩ এপ্রিল বেলা আড়াইটার দিকে জামালকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়েছিলেন। এরপর থেকে তাঁর মুঠোফোন বন্ধ।
সোহেলের বোন মিনারা আক্তার বলেন, ১৪ এপ্রিল ভোরে সোহেল তাঁর মুঠোফোন থেকে ফোন করে বলেন, ‘আমি ভালো আছি, ডিবিতে আছি।’ এরপর ফোন কেটে যায়। পরে ফোন দিয়েও সোহেলকে পাওয়া যায়নি। গতকাল সকালে তাঁরা খবর পান ডিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ সোহেল মারা গেছেন।
তবে সাজ্জাদুর রহমান বলেন, ডিবি সোহেলকে আগে আটক করেনি। গ্রেপ্তার করতে গেলে তিনি দুই পক্ষের গোলাগুলিতে নিহত হয়েছেন।
মিনারার অভিযোগ, ভাই নিখোঁজের ঘটনায় সাধারণ ডায়েরি (জিডি) করতে ১৪ এপ্রিল সন্ধ্যায় তিনি মায়ের সঙ্গে ভাষানটেক থানায় গেলেও থানা জিডি নেয়নি।
ভাষানটেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুন্সী ছাব্বীর আহমেদ বলেন, এমন কোনো তথ্য তাঁর জানা নেই।
সোহেলের গ্রামের বাড়ি মুন্সিগঞ্জের শ্রীনগরে। তিন ভাইবোনের মধ্যে তিনি সবার বড়। তাঁর পাঁচ বছর বয়সী একটি ছেলে আছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে।