গোয়েন্দাজালে আটকাল অপকৌশল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাণিখাদ্য তৈরির যন্ত্র আমদানির আড়ালে সিগারেট, মদ ও টেলিভিশন এনে তা দ্রুত ছাড়িয়ে নেওয়ার কৌশল নিয়েছিলেন এক আমদানিকারক। তবে শুল্ক গোয়েন্দাদের নজরদারির কারণে তাঁর সব চেষ্টাই শেষ পর্যন্ত ব্যর্থ হয়। গতকাল রোববার চট্টগ্রাম বন্দর চত্বরে ছয়টি কনটেইনার থেকে উদ্ধার করা হয় সিগারেটের কার্টন, এইচডি টেলিভিশন ও মদের বোতল। একই আমদানিকারকের আরেকটি চালানের ছয়টি কনটেইনার খোলা হবে আজ সোমবার।

ছয় কনটেইনারের মধ্যে তিনটিতে ছিল সনি ও স্যামসাং ব্র্যান্ডের এইচডি টেলিভিশন সেট। বাকি তিন কনটেইনারে বিভিন্ন ব্র্যান্ডের সিগারেট, এলইডি টেলিভিশন ও মদের বোতল। তবে কোন পণ্য সংখ্যায় কতটি রয়েছে, তার গণনা গতকাল রাত নয়টা পর্যন্ত শেষ করতে পারেননি শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা। একটি কনটেইনারে ২০০ টেলিভিশন সেট থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খান প্রথম আলোকে বলেন, ছয় কনটেইনারে থাকা পণ্যের শুল্ককরসহ মূল্য অর্ধশত কোটি টাকার কম হবে না। কারণ শুধু সিগারেটের আমদানি শুল্ক ৫৯৬ শতাংশ। অর্থাৎ, সিগারেটের দাম ১ টাকা হলে শুল্ককর হবে ৫৯৬ টাকা।

এ বিষয়ে পণ্যের আমদানিকারক খোরশেদ আলমের বক্তব্য পাওয়া যায়নি। আমদানিকারকের পক্ষে পণ্য খালাসে নিয়োজিত ছিল রাবেয়া অ্যান্ড সন্স নামের সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠান। এর মালিক জালাল উদ্দিন নামের এক ব্যক্তি। তাঁর মুঠোফোন নম্বর বন্ধ পাওয়া গেছে।

যেভাবে ধরা পড়ল

শিল্পকারখানার যন্ত্রপাতি আমদানির পর সাধারণত কায়িক পরীক্ষা (কাস্টমস কর্মকর্তারা কনটেইনার খুলে আমদানি করা পণ্য ঘোষণা অনুযায়ী আনা হয়েছে কি না, তা পরখ করে দেখেন) হয় না। আবার কারখানার জন্য মূলধনী যন্ত্র আমদানিতে মাত্র ১ শতাংশ শুল্ককর দিতে হওয়ায় কাস্টমস কর্তৃপক্ষও তা দ্রুত খালাসের প্রক্রিয়া শেষ করে। এর সুযোগ নিয়ে যন্ত্রপাতি আমদানির নামে ঋণপত্র খোলেন ঢাকার খিলখেত এলাকার ‘হিনান আনহুই এগ্রো এলসি’ প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী খোরশেদ আলম। চীন থেকে একটি চালানে ছয় কনটেইনার পণ্য আমদানি করেন তিনি।

চীন থেকে সিঙ্গাপুর হয়ে এমভি ভাসি সান জাহাজে ছয়টি কনটেইনারে এসব পণ্য চট্টগ্রাম বন্দরে আসে। এর আগেই শুল্ক গোয়েন্দারা তথ্য পান যে চালানটিতে সন্দেহজনক পণ্য রয়েছে। গোয়েন্দারা কৌশলে আমদানিকারকের প্রতিষ্ঠান ঘুরে আসেন। কিন্তু কারখানার কোনো অস্তিত্ব পাননি তারা। তখন সন্দেহ আরও জোরালো হয় তাঁদের।

কাস্টমস সূত্র জানায়, জাহাজ থেকে পণ্য নামানোর আগেই প্রথম চালানের ছয় কনটেইনার পণ্যের শুল্কায়ন করে নেন আমদানিকারক। গত ২৭ ফেব্রুয়ারি জাহাজটি বন্দরের জলসীমায় আসার পরদিন শুল্কায়ন হয়। মূলধনী যন্ত্রপাতির চালান আনার ঘোষণা থাকায় কাস্টমস কর্তৃপক্ষের রাজস্ব কর্মকর্তা পর্যায়ে এর শুল্কায়ন হয়। শুল্কায়ন শেষ হয়ে যাওয়ার পর যেকোনো সময় বন্দর থেকে দ্রুত পণ্য খালাস করে নেওয়ার সুযোগ থাকে। গোয়েন্দা তৎপরতা বাড়ানোর আগেই এসব পণ্য খালাস করে নেওয়ার চেষ্টা ছিল আমদানিকারকের। ২ মার্চ বন্দর জেটিতে জাহাজটি ভেড়ে। এর মধ্যে গোয়েন্দা নজরদারির বিষয়টি টের পেয়ে আমদানিকারক জাহাজ থেকে কনটেইনার না নামিয়ে তা ফেরত নেওয়ার আবেদন করেন বন্দর ও কাস্টমস কর্তৃপক্ষের কাছে। কিন্তু বন্দর ও কাস্টমস কর্তৃপক্ষ আমদানিকারকের আবেদন নাকচ করে দেন। ততক্ষণে শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা প্রায় নিশ্চিত হয়ে যান, বড় কোনো চোরাচালানের পণ্য রয়েছে চালানটিতে। পরে শুল্ক গোয়েন্দাদের নির্দেশনায় ছয়টি কনটেইনার নিউমুরিং টার্মিনালের চত্বরে আলাদা করে রাখে বন্দর কর্তৃপক্ষ। গোয়েন্দাদের কাছে এই ছয় কনটেইনারের মধ্যে তিনটিতে সন্দেহজনক পণ্য থাকার তথ্য ছিল। গতকাল সকাল ১০টার দিকে সন্দেহের বাইরে থাকা তিনটিসহ ছয় কনটেইনারই খুলে দেখা হয়।

গতকাল সকালে বন্দর চত্বরে গিয়ে দেখা যায়, শ্রমিকেরা কনটেইনার থেকে টেলিভিশন ও সিগারেটের কার্টন বের করে আনছেন। এ সময় শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খান মদের গন্ধ পাওয়া যাচ্ছে বলে সন্দেহ করেন। বিষয়টি তিনি কাস্টমস কমিশনার এ এফ এম আবদুল্লাহ খানকে জানান। সন্দেহ দূর করতে কয়েকটি সিগারেটের কার্টন খোলা হয়। তবে নিরাশ হতে হয় তাঁদের। কারণ ভেতরে শুধু সিগারেটের প্যাকেট ছিল। তবে দুপুরের পর কনটেইনার থেকে একটি কার্টন স্থানান্তরের সময় ওজন বেশি হওয়ায় তা তুলতে হিমশিম খান শ্রমিকেরা। পরে কার্টনটি খুলে দেখা যায় ভেতরে নামী-দামি ব্র্যান্ডের মদের বোতল রয়েছে।

চলানে সন্দেহজনক অন্য কোনো পণ্য রয়েছে কি না, তা যাচাই করতে বিকেলে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) থেকে আনা হয় ডগ স্কোয়াড। এরপর প্রশিক্ষিত কুকুর দিয়ে চালানো হয় তল্লাশি।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক প্রথম আলোকে বলেন, চোরাচালানের সব চেষ্টা ব্যর্থ হয়েছে। আমদানিকারক ও সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠানের বিরুদ্ধে ফৌজদারি ও বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, এই আমদানিকারক এর আগেও ৭১ কনটেইনার পণ্য খালাস করে নিয়ে গেছেন। সেসবও খতিয়ে দেখা হচ্ছে।

বন্দর চত্বরে উপস্থিত থাকা কাস্টমস কমিশনার এ এফ এম আবদুল্লাহ খান প্রথম আলোকে বলেন, এখন যন্ত্রপাতির আমদানি চালানও প্রয়োজনে কায়িক পরীক্ষা করা হবে।

ছয় কনটেইনারের এই চালানের শুল্কায়ন নথিতে দেখা যায়, চীনের জম রাজ ইন্ডাস্ট্রি থেকে এসব পণ্য আনা হয়। আমদানিকারক পণ্যমূল্যের ঘোষণা দেন ৩১ হাজার ৪৬২ ডলার। তবে শুল্কায়ন মূল্য নির্ধারণ করা হয় ১ কোটি ৯১ লাখ টাকা। শুল্ককর নির্ধারণ করা হয় ১ লাখ ৯১ হাজার টাকা। কাগুজে এসব তথ্য আসলে সবই মিথ্যা।