কুপিয়ে তরুণের হাত বিচ্ছিন্ন, গ্রেপ্তার ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের উজিরপুর উপজেলায় গত সোমবার রাতে এক তরুণের ডান হাত কবজি থেকে কেটে ফেলেছে সন্ত্রাসীরা। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে গত মঙ্গলবার তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
উপজেলার বড়াকোঠা ইউনিয়নের গড়িয়া গ্রামের নতুনহাট এলাকায় এ ঘটনা ঘটে। আহতের নাম সুমন গাজী (২৭)।
স্থানীয় লোকজন ও থানা-পুলিশ জানায়, উপজেলার গাড়িয়া গ্রামের মৃত হাই আকনের নাতি সুমন গাজী কিছুদিন আগে নানার বাড়িতে বসবাস শুরু করেন। এরপর থেকে তিনি এলাকায় প্রভাব বিস্তারের চেষ্টা চালান। এ নিয়ে তাঁর সঙ্গে গ্রামের ইমতিয়াজ গোমস্তা, মাইনুল হাওলাদার, সুলতান হাওলাদার, জসিম সিকদার ও মাহাবুবের বিরোধ দেখা দেয়। তাদের সঙ্গে সুমনের একাধিকবার হাতাহাতি ও সংঘর্ষ হয়।
সোমবার রাতে সুমন ভাড়ায় চালিত মোটরসাইকেল করে শোলক থেকে নতুনহাট রওনা হন। এ সময় সুমনের সঙ্গে তাঁর সমর্থক মজিবর রহমান ও মোটরসাইকেলচালক কাওছার সিকদার ছিলেন। প্রত্যক্ষদর্শী একজন বলেন, রাত সাড়ে নয়টায় সুমন নতুনহাট পৌঁছান। সঙ্গে সঙ্গে ইমতিয়াজ ও জসিম তাদের আট-নয়জন সমর্থক নিয়ে সুমনের ওপর হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে তারা সুমনকে কুপিয়ে আহত করে। জীবন বাঁচাতে সুমন রক্তাক্ত শরীর নিয়েই দৌড়ে পালানোর চেষ্টা করেন। একপর্যায়ে তিনি হাসেম সিকদারের বাড়ির কাছে পড়ে যান। তখন হামলাকারীরা তাঁর ডান হাত কেটে কবজি থেকে বিচ্ছিন্ন করে ফেলে। আর বাম হাতের কনুই পর্যন্ত কুপিয়ে ঝুলিয়ে দেয়।
খবর পেয়ে উজিরপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তারা আহত সুমন গাজীকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে সুমনের কেটে ফেলা হাত উদ্ধার করে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় গত মঙ্গলবার তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
সুমন গাজীর আত্মীয় আরিফ হোসেন অভিযোগ করেন ইমতিয়াজ, মাইনুল, সুলতান ও তাদের সহযোগীরা পূর্বপরিকল্পনা অনুযায়ী সুমনকে ফোন করে নতুনহাটে ডাকে। পরে তারা সুমনকে হত্যার জন্য হামলা চালায়।
ইমতিয়াজ গোমস্তা ও মাইনুল হাওলাদার আত্মগোপন করেছেন। তবে মুঠোফোনে যোগাযোগ করা হলে তাঁরা বলেন, হামলার সঙ্গে তাঁরা জড়িত নন।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল ইসলাম জানান, এ ঘটনায় গতকাল বুধবার আরিফ হোসেন বাদী হয়ে ১৫ জনের বিরুদ্ধে উজিরপুর মডেল থানায় একটি মামলা করেছেন। তবে এর আগেই মঙ্গলবার পুলিশ ঘটনায় জড়িত থাকার অভিযোগে কাওছার সিকদার, টিটু হাওলাদার ও মজিবরকে গ্রেপ্তার করে।