গৌরনদী বেদেপল্লিতে সংঘর্ষ, ঘর ভাঙচুর, আহত ২০
বরিশালের গৌরনদী উপজেলার টরকীরচর বেদেপল্লিতে সরদারের চাঁদা দাবিকে কেন্দ্র করে বেদেপল্লির দুদল সমর্থকের মধ্যে গত মঙ্গলবার দফায় দফায় পাল্টাপাল্টি হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় একটি বসতঘর ও একটি দোকান ভাঙচুরসহ উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন।
গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন মিলন বলেন, এ ঘটনায় গতকাল বুধবার পৃথক দুটি মামলা হয়েছে। পুলিশ ইতিমধ্যে ছয়জনকে গ্রেপ্তার করেছে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে।
স্থানীয় বাসিন্দা, প্রত্যক্ষদর্শী ও আহত লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, গৌরনদী উপজেলার টরকীরচর এলাকায় নদীর পাড়ে আধপাকা, পাকা ও কাঁচা বাড়িঘর নির্মাণ করে চার শতাধিক বেদে বসবাস করছে। বেদেপল্লির সরদার মো. নান্নু মিয়া (৪৭) দীর্ঘদিন ধরে বিভিন্ন সময় নানা অজুহাতে পল্লির বাসিন্দাদের কাছ থেকে চাঁদা আদায় করছেন। বেদেপল্লির বাসিন্দা স্বপন (৩৫), লিমা আক্তার (২২), জানেব আলীসহ (৪৫) ২০-২৫ জন জানান, নান্নু মিয়া মঙ্গলবার সকালে পল্লিতে বসবাসকারী প্রতিটি পরিবারের কাছে ১০ হাজার টাকা করে চাঁদা দাবি করেন। এ সময় পল্লিতে বসবাসকারী অনেকেই চাঁদা দিতে অপারগতা প্রকাশ করেন। এ নিয়ে নান্নুর সঙ্গে স্বপনের বাগ্বিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে।
স্বপন মিয়া অভিযোগ করেন, হাতাহাতির জের ধরে গত মঙ্গলবার বেলা ১১টায় সরদার নান্নু মিয়া ২৫-৩০ জন সহযোগীসহ ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে তাঁর (স্বপন) বসতঘর এবং সমর্থক রুবেল খানের দোকানঘরে ভাঙচুর ও লুটপাট চালান।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, এ সময় স্বপনের সমর্থক ২০-২৫ জন জড়ো হয়ে পাল্টা হামলা চালান। এতে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে গৌরনদী মডেল থানার পুলিশ দুপুর ১২টায় ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে উভয় পক্ষের ২০ জন আহত হন। গুরুতর আহত মিন্টু, লিটন, সোহাগ, বোরহান ও কেতাব আলীকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গতকাল বুধবার পুলিশ স্বপনের সমর্থক মিন্টু, লিটন ও সোহাগ এবং নান্নুর সমর্থক রুহুল, পিকু ও পান্নুকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠিয়েছে।
বেদেপল্লির সরদার নান্নু মিয়া চাঁদা দাবির অভিযোগ অস্বীকার করে বলেন, ‘তুচ্ছ একটি ঘটনার জের ধরে স্বপনের নেতৃত্বে তার সমর্থকেরা আমার ও আমার সমর্থকদের ওপর হামলা চালিয়েছে।’