গৌরনদী মডেল থানায় পৃথক তিন মামলা দায়ের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের গৌরনদী উপজেলায় আওয়ামী লীগের নেতাকে মারধর এবং এর জের ধরে ইউনিয়ন পরিষদ (ইউপি) কার্যালয়, কলেজ, ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনায় গতকাল বৃহস্পতিবার গৌরনদী মডেল থানায় তিনটি মামলা হয়েছে।
এজাহার, ব্যবসায়ী ও এলাকার লোকজনের বিবরণ অনুযায়ী, ঠিকাদারি কাজের বিরোধকে কেন্দ্র করে গত মঙ্গলবার সকালে মাহিলাড়া বাসস্ট্যান্ডে গৌরনদী পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হারিছুর রহমানের বড় ভাই ঠিকাদার ও আওয়ামী লীগের নেতা আকবর হোসেন ওরফে ফারুককে মারধর করেন মাহিলাড়া ইউপির চেয়ারম্যান ও যুবলীগের নেতা সৈকত গুহ ওরফে পিকলু। এর জেরে দুপুরে হারিছুর রহমানের নেতৃত্বে মাহিলাড়া বাজারে ব্যবসাপ্রতিষ্ঠান, কলেজ ও ইউপি কার্যালয় ভাঙচুর ও লুটপাট করা হয়।
গৌরনদী মডেল থানা সূত্রে জানা গেছে, নিজের ওপর হামলার ঘটনায় আকবর হোসেন সৈকত গুহসহ চারজনকে আসামি করে গতকাল সকালে একটি মামলা করেন। একই দিন ব্যবসাপ্রতিষ্ঠান, কলেজ ও ইউপি কার্যালয়ে ভাঙচুরের ঘটনায় হারিছুরসহ ১২ জনের বিরুদ্ধে মামলা করেন সৈকত। পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. কবির হোসেন খান সৈকত গুহসহ তিনজনকে আসামি করে আরেকটি মামলা করেন। সৈকত গুহ তাঁর কাছে চাঁদা দাবি করেন এবং তাঁকে লাঞ্ছিত করেন বলে কবির উল্লেখ করেন।
এদিকে ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর ও ব্যবসায়ীদের মারধরের প্রতিবাদে গতকালও ধর্মঘট পালন করেছেন ব্যবসায়ীরা। ব্যবসায়ী সমিতির সভাপতি মো. রেজাউল করিম ধর্মঘট অব্যাহত রাখার কথা নিশ্চিত করেন।