গৌরনদীতে চেয়ারম্যানসহ ১০ জনের নামে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের গৌরনদীর মাহিলাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সৈকত গুহসহ ক্ষমতাসীন দলের ১০ নেতা-কর্মীর বিরুদ্ধে আদালতে মামলা করেছেন একজন মুক্তিযোদ্ধা। মামলায় আসামিদের বিরুদ্ধে তাঁর বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ আনা হয়েছে।
গৌরনদী মডেল থানা-পুলিশ জানায়, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সহকারী কমান্ডার (সাংগঠনিক) আনোয়ার হোসেন গত বৃহস্পতিবার বরিশাল অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম আদালতে মামলা করেন। বিচারক সেটি এজাহারভুক্ত করতে ও আইনানুগ ব্যবস্থা নিতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেন। আদেশের কপি গতকাল রোববার থানায় পৌঁছায়।
মামলার প্রধান আসামি ইউপি চেয়ারম্যান সৈকত গুহ উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক। তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, মুক্তিযোদ্ধা আনোয়ারের বাড়িতে হামলার ঘটনার সঙ্গে তিনি বা তাঁর পক্ষের কেউ জড়িত নন। হয়রানির উদ্দেশে মামলা করা হয়েছে।
মামলার অন্য আসামিরা হলেন চেয়ারম্যানের ছোট ভাই উপজেলা যুবলীগের সদস্য সলিল গুহ (৩৫), মাহিলাড়া ইউনিয়ন যুবলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও ২ নম্বর ওয়ার্ডের সদস্য হাসান আল মামুন (৩২), যুবলীগকর্মী আ. ছাত্তার রাঢ়ী (৩৫), এস্কান্দার রাঢ়ী (৪০) ও মানিক সরদার (২৫), ইউনিয়ন ছাত্রলীগের সহ-প্রচার সম্পাদক অভি রাঢ়ী (২২), ছাত্রলীগকর্মী বেল্লাল খান (২৮), ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য গোলাম ফারুক সরদার (৫৫) ও আ. জলিল রাঢ়ী (৪০)। মামলায় অজ্ঞাতনামা আরও ২৫-৩০ জনকে আসামি করা হয়েছে।
মামলার এজাহারে বলা হয়, ৭ অক্টোবর বেলা সাড়ে তিনটার দিকে মাহিলাড়া ইউপির চেয়ারম্যান সৈকত গুহর নেতৃত্বে আসামিরা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেনের বাড়িতে হামলা চালান। তাঁরা ঘরে ঢুকে মালামাল ভাঙচুর করে ৫০ হাজার টাকার ক্ষতি সাধন করেন। আসামি গোলাম ফারুক সরদার আলমারি ভেঙে সোয়া লাখ টাকা লুট করেন। আসামি হাসান আল মামুন চাপাতি দিয়ে কুপিয়ে আনোয়ারের ছেলে রাসেল হোসেনকে জখম করেন। রাসেলকে রক্ষায় তাঁর অন্তঃসত্ত্বা স্ত্রী রুকাইয়া বেগম এগিয়ে এলে তাঁর তলপেটে লাথি মেরে আহত করেন ইউপি চেয়ারম্যান সৈকত। রুকাইয়াকে ৯ অক্টোবর বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অস্ত্রোপচারের মাধ্যমে তিনি ছেলেসন্তানের জন্ম দেন। কিন্তু তিন ঘণ্টা পর নবজাতকটি মারা যায়। রুকাইয়ার তলপেটে আঘাতের কারণে তাঁর মৃত্যু হয়েছে বলে চিকিৎসকেরা জানিয়েছেন।
গৌরনদী মডেল থানার ওসি মো. আলাউদ্দিন মিলন গতকাল প্রথম আলোকে বলেন, তিনি আদালতের আদেশের কপি হাতে পেয়েছেন। আদালতের নির্দেশ অনুযায়ী আইনি ব্যবস্থা নেবে পুলিশ।