গৌরনদীতে ছাত্র অপহরণচেষ্টার রহস্য উদ্ঘাটন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক স্কুলছাত্রকে অপহরণের চেষ্টার নাটক সাজিয়ে তিন যুবককে হয়রানি করার রহস্য উদ্‌ঘাটন করেছে থানা-পুলিশ। এ নিয়ে গতকাল শুক্রবার সকাল থেকে পুরো এলাকায় ব্যাপক তোলপাড় শুরু হয়েছে।

থানা-পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, পূর্বশত্রুতার জের ধরে প্রতিপক্ষকে ফাঁসাতে টরকী বন্দর ভিক্টোরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র উদয় বিশ্বাসকে (১২) অপহরণের চেষ্টার অভিযোগ এনে এলাকায় প্রচার করেন উদয়ের বাবা তাপস বিশ্বাস। এ ঘটনায় তিনি (তাপস) তাঁর পুত্রকে অপহরণের চেষ্টার অভিযোগে স্থানীয় ছাত্রলীগ নেতা বি এম মিরাজ, বন্দরের ব্যবসায়ী আরিফ হোসেন ও সৈয়দ মিনহাজকে অভিযুক্ত করে গৌরনদী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

তাপস বিশ্বাস বলেন, ‘টরকী বন্দরের বাসিন্দা প্রভাবশালী মাহাবুব আলম আমাকে ২০ হাজার টাকা দিয়ে অপহরণের চেষ্টার নাটক সাজিয়ে উল্লিখিত ব্যক্তিদের বিরুদ্ধে থানায় অভিযোগ করতে বলেন। তাঁর অব্যাহত হুমকির মুখেই আমি এ অভিযোগ করেছি।’

স্কুলছাত্র উদয় বিশ্বাস বলে, ‘আমাকে কেউ অপহরণের চেষ্টা করেনি। আমাকে ভয় দেখিয়ে মাহাবুব আলম তিনজনের নাম বলতে বলেছিলেন। তাই আমি ভয়ে তাঁদের নাম বলেছি।’

গৌরনদী থানার ওসি আলাউদ্দিন মিলন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।