গৌরনদীতে পেট্রলবোমা হামলা, নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের গৌরনদী উপজেলার দক্ষিণ মাহিলারা এলাকায় একটি ট্রাকে দুর্বৃত্তদের পেট্রলবোমা হামলায় তিনজন নিহত হয়েছে। আজ শনিবার ভোররাত পৌনে চারটার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন চালক ইজাজুল (৪২), চালকের সহকারি মুন্নু (৩২) ও চালকের শ্বশুর। আনুমানিক ৬০ বছরের এই ব্যক্তির নাম জানা যায়নি। তাঁদের সবার বাড়ি ফরিদপুরে বলে জানিয়েছেন ট্রাকের মালিক মো. রিপন মিয়া।
ঢাকা মেট্রো ট-১৬-৯৩২৫ নম্বরের ট্রাকটি ফরিদপুর থেকে পোলট্রি ফিড বোঝাই করে বরিশালে ফিরছিল। বোমা হামলায় ট্রাকের সামনের অংশ পুড়ে যায়। পুলিশ লাশ উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেছে।
বরিশাল পুলিশ সুপার এ কে এম এহসান উল্লাহ, বরিশাল-১ আসনের সাংসদ আবুল হাসানাত আবদুল্লাহ ও প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ হোসেন এই হামলার তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।