গৌরনদীতে প্রকল্পের বিল আটকে রাখায় পিআইওকে লাঞ্ছনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের গৌরনদীতে প্রকল্পের বিল আটকে রাখার ঘটনাকে কেন্দ্র করে গত বৃহস্পতিবার উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে (পিআইও) লাঞ্ছিত করেছেন কয়েকজন মহিলা ইউপি সদস্য। ওই ইউপি সদস্যদের অভিযোগ, পিআইওর কার্যালয়ের জন্য অতিরিক্ত খরচ দিতে রাজি না হওয়ায় তাঁদের বিলের ফাইল (নথিপত্র) আটকে রাখা হয়েছে।
বরিশাল জেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয় সূত্র জানায়, ২০১৪-১৫ অর্থবছরে অতিদরিদ্রদের কর্মসংস্থান কর্মসূচির প্রথম পর্যায়ে গৌরনদী উপজেলার জন্য ১ কোটি ৯১ লাখ ২৬ হাজার ৬৬৬ টাকা বরাদ্দ দেওয়া হয়। প্রকল্প তদারকির জন্য প্রশাসনিক কাজে বরাদ্দ দেওয়া হয় ৭৪ হাজার ৬৩২ টাকা। গত ১৩ ডিসেম্বর থেকে প্রকল্পের কাজ শুরু হয়।
বার্থী ইউনিয়ন পরিষদের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত আসনের সদস্য মিনু বেগম বলেন, তিনি তাঁর প্রকল্পের অনুকূলে দুই সপ্তাহের বিল আনতে গেলে উপজেলা প্রকল্প কার্যালয়ের ধার্যকৃত শতকরা ৩৮ ভাগ দেওয়ার পরও অতিরিক্ত টাকা দাবি করেন পিআইও আহম্মেদুর রহমান। তা দিতে অস্বীকার করায় গত দুই সপ্তাহের বিল আটকে দেওয়া হয়। একই ধরনের অভিযোগ করেন বার্থী ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত আসনের সদস্য শিব্রা রানী এবং খাঞ্জাপুর ইউনিয়ন পরিষদের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সদস্য রিনা বেগম।
উপজেলা প্রকল্প বস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের একাধিক কর্মচারী ও ওই ঘটনার প্রত্যক্ষদর্শীরা বলেন, বৃহস্পতিবার ওই তিন মহিলা ইউপি সদস্য বিল ছাড় করানোর জন্য কার্যালয়ে আসেন। এ সময় ফাইল আটকে রাখা নিয়ে পিআইও আহম্মেদুর রহমানের সঙ্গে তাঁদের বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে তাঁরা পিআইওকে গালাগাল করে ফাইল ছুড়ে মারেন।
ফাইল আটকে রাখার বিষয়ে জানতে চাইলে আহম্মেদুর রহমান বলেন, টাকা আদায়ের জন্য নয়, ব্যস্ততার কারণে ফাইল ছাড়তে বিলম্ব হচ্ছে।