গৌরনদীতে বিএনপি নেতার বাড়িতে অগ্নিসংযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. শাজাহান মুনশির বাড়িতে গত রোববার রাতে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। এতে একটি রান্নাঘর ভস্মীভূত হয়েছে।
থানা-পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রোববার দিবাগত রাত তিনটার দিকে একদল দুর্বৃত্ত খাঞ্জাপুর ইউনিয়নের কমলাপুর গ্রামে শাজাহান মুনশির বাড়িতে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। তখন শাজাহান মুনশি বাড়িতে ছিলেন না। তাঁর মেয়ে নাদিরা আক্তার (১৪) ও ছোট ভাইয়ের স্ত্রী আরজু বেগম (৪০) ওই বাড়িতে ছিলেন।
প্রতিবেশী ফজলে খন্দকার (৪৫) ও মাসুদ মিয়া (২৫) বলেন, তাঁরা মুন্সিবাড়িতে রাত তিনটার দিকে আগুন দেখতে পান। স্থানীয় মসজিদে মাইকিং করে গ্রামবাসীকে আগুন নেভানোর আহ্বান জানানো হয়। কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে রান্নাঘরটি সম্পূর্ণ পুড়ে গেছে। আগুন নেভাতে গিয়ে পাঁচজন আহত হন। তাঁরা স্থানীয়ভাবে চিকিৎসা নেন।
বিএনপি নেতা শাজাহান মুনশি বলেন, দুর্বৃত্তরা তাঁর ঘরে একটি চিঠি রেখে গেছে। চিঠিতে তারা চাঁদা দাবি করেছে। টাকা না দিলে তাঁকেসহ পরিবারের সদস্যদের পুড়িয়ে মারার হুমকি দিয়েছে। কয়েক দিন আগে দুর্বৃত্তরা তাঁর পানের বরজ পুড়িয়ে দিয়েছে। এতে প্রায় ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে।
গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন মিলন গতকাল বিকেল পাঁচটায় বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে দুর্বৃত্তের রাখা চিঠিটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে।