গৌরনদীতে সংঘর্ষে আহত ১১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের গৌরনদী পৌরসভার উত্তর পালরদী গ্রামে গত মঙ্গলবার বিএনপি ও ছাত্রলীগের দুই নেতার সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত ১১ জন আহত হয়েছেন। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।
কয়েকজন প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, আধিপত্য বিস্তার নিয়ে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বদিউজ্জামানের সঙ্গে প্রতিবেশী সরকারি গৌরনদী বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রলীগের সহসভাপতি লুৎফর রহমানের দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। সম্প্রতি পৌরসভার একটি সড়ক নির্মাণের কাজ পান লুৎফর। মঙ্গলবার সড়কটির নির্মাণকাজ শুরু হয়। বদিউজ্জামানের বাড়ির সামনে নির্মাণকাজ করতে গেলে তিনি বাধা দেন। এ নিয়ে বদিউজ্জামানের বোন জাহানারা বেগমের সঙ্গে লুৎফরের বোন কল্পনা আক্তারের ঝগড়া হয়। একপর্যায়ে মঙ্গলবার সন্ধ্যায় বদিউজ্জামানের বাড়ির সামনে দুই নেতা হাজির হন। এ সময় উভয় পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে বদিউজ্জামানের স্ত্রী নারগিস বেগম, ছেলে অঞ্জন, বোন জাহানারা, বিউটি বেগম, ভগ্নিপতি হাকিম সরদার, ভাগনে শামীম সরদার ও লুৎফরের বোন পলি বেগম, কল্পনা, জিনিয়া আক্তার, ভাই বাবু মোল্লা, রাকিব হোসেন আহত হন। তাঁদের মধ্যে হাকিম, জাহানারা ও বিউটিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত অন্যদের গৌরনদী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলাউদ্দিন মিলন বলেন, এ ঘটনায় গতকাল বুধবার থানায় পৃথক দুটি অভিযোগ দায়ের করা হয়েছে। এ ঘটনায় বদিউজ্জামানের সমর্থক অন্তুর, হৃদয় সরদার ও লুৎফরের সমর্থক সুমনকে আটক করা হয়েছে।