গৌরীপুর উপজেলা চেয়ারম্যান আবারও গ্রেপ্তার
ময়মনসিংহের গৌরীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান বিএনপি নেতা আহম্মেদ তায়েবুর রহমানকে আবারও গ্রেপ্তার করেছে পুলিশ। নেত্রকোনার পূর্বধলা থানায় নাশকতার এক মামলায় গত মঙ্গলবার গভীর রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আহম্মেদ তায়েবুর রহমান ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক। তিনি ২০১৪ সালে গৌরীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। তাঁকে গত মঙ্গলবার রাত পৌনে ১২টার দিকে উপজেলা পরিষদের ফটকের সামনে থেকে পুলিশ গ্রেপ্তার করে। ২০১৪ সালের ৫ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে বিঘ্ন ঘটানোর অভিযোগের মামলায় ওই বছরের ২০ মে তায়েবুরকে গ্রেপ্তার করেছিল পুলিশ। পরে তিনি জামিনে মুক্তি পান। মুক্তি লাভের কিছুদিনের মধ্যে তিনি আবারও গ্রেপ্তার হন।
পারিবারিক সূত্রে জানা গেছে, তায়েবুর রহমানের বিরুদ্ধে কমপক্ষে ৪০টি মামলা রয়েছে।
গতকাল বুধবার জানতে চাইলে গৌরীপুর থানার ওসি দেলোয়ার আহমেদ বলেন, পূর্বধলা থানার একটি মামলায় পরোয়ানা থাকায় তায়েবুর রহমানকে গ্রেপ্তার করা হয়। গতকাল তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।