গৌরীপুরে কিশোরকে হত্যার অভিযোগ
ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় প্রতিপক্ষ ছুরিকাঘাত করে পলাশ বাবু (১৭) নামের এক কিশোরকে খুন করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। জমি নিয়ে বিরোধের জের ধরে গত মঙ্গলবার রাতে এই ঘটনা ঘটে।
পলাশ বাবু নাপ্তের আলগী গ্রামের দুলাল উদ্দিনের ছেলে। এ ঘটনায় নিহত ব্যক্তির পরিবার মামলা করার প্রস্তুতি নিচ্ছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বেশ কয়েক বছর ধরে নাপ্তের আলগী গ্রামের হালিম উদ্দিন ও হামিদদের সঙ্গে প্রতিবেশী দুলাল উদ্দিনের জমি নিয়ে বিরোধ চলছিল। এই বিরোধের জের ধরে উভয় পক্ষের মধ্যে পাল্টা-মামলা চলছে। এ নিয়ে গত মঙ্গলবার বিকেলে হালিম উদ্দিনের সঙ্গে দুলালের ছোট ভাই সোহরাব মিয়ার কথা-কাটাকাটি হয়। ওই কথা-কাটাকাটির জের ধরে সন্ধ্যায় হালিম উদ্দিনের ছেলে সুজন দুলাল উদ্দিনের ছেলে পলাশকে একা পেয়ে পেটে ছুরিকাঘাত করে। এতে পলাশ মারাত্মক জখম হয়। স্বজনেরা গুরুতর অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দুলালের মৃত্যুর পর হালিম, হামিদ উদ্দিনসহ তাঁদের পক্ষের লোকজন পলাতক আছেন। এ কারণে তাঁদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি।