ময়মনসিংহের ত্রিশালে এক যুবক ও গৌরীপুরে স্বামীর হাতে এক গৃহবধূ খুন হয়েছেন। গৃহবধূ হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ তাঁর স্বামী মাসুদ মিয়াকে আটক করেছে।
ত্রিশালের আমিরাবাড়ী ইউনিয়নের কুশ্যানগর গ্রামের নাজমুল হকের (২৬) সঙ্গে পাশের চরকিবাড়ী গ্রামের মো. উসমানের (২৮) নানা বিষয়ে দীর্ঘদিন ধরে বিরোধ ছিল।
গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে নাজমুল চরকিবাড়ী গ্রামে আসেন। একপর্যায়ে উসমানের সঙ্গে দেখা হলে দুজনের মধ্যে ফের কথা-কাটাকাটি এবং পরে ধস্তাধস্তি শুরু হয়। এ সময় উসমান তাঁর সঙ্গে থাকা ছুরি নাজমুলের পেটে ঢুকিয়ে দেন। ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পথে নাজমুল মারা যান। নাজমুলের বাবার নাম আবুল কালাম।
ঘটনার পর থেকে উসমান পলাতক।
এদিকে গৌরীপুরের মাওহা ইউনিয়নের বীর আহম্মদপুর গ্রামে লীনা আক্তার (৩০) নামের এক গৃহবধূকে তাঁর স্বামী মাসুদ মিয়া কুপিয়ে হত্যা করেছেন বলে অভিযাগ উঠেছে। বৃহস্পতিবার বিকেলে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরেই মাসুদ মানসিক ভারসাম্যহীন ছিলেন। বৃহস্পতিবার পারিবারিক বিরোধের জের ধরে মাসুদ তাঁর হাতের কাছে থাকা দা দিয়ে লীনাকে কোপাতে শুরু করেন। উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে লীনা মারা যান।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি জানান, ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে চার বছর বয়সী এক শিশুর বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সকালে উপজেলার আড়াইসিধা এলাকার একটি জমি থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত ওই শিশুর নাম মরিয়ম আক্তার (৪)। সে নবীনগর উপজেলার গোসাইপুর এলাকার আরিফ মিয়ার মেয়ে।
পুলিশ ও নিহত শিশুর পরিবার সূত্রে জানা গেছে, কয়েক দিন আগে মরিয়ম আড়াইসিধা গ্রামে তার নানা জলিল মিয়ার ভাড়াবাড়িতে বেড়াতে আসে। বৃহস্পতিবার বেলা তিনটার দিকে মরিয়ম নিখোঁজ হয়। গতকাল সকালে জলিল মিয়ার বাড়ির পাশে কৃষিজমিতে একটি বস্তা দেখতে পান এলাকার লোকজন। বস্তা খুলে লাশ দেখে তাঁরা পুলিশে খবর দেন। পরে পুলিশ লাশ উদ্ধার করে।
মরিয়মের বাবা আরিফ মিয়া জানান, পার্শ্ববর্তী নবীনগর উপজেলার মধুপুর গ্রামের নজরুল ও খোকন মিয়ার সঙ্গে টাকাপয়সা নিয়ে দীর্ঘদিন ধরে তাঁর বিরোধ চলে আসছে। এর জের ধরে তাঁর মেয়েকে হত্যা করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন।
আশুগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম বলেন, মরিয়মের দুই হাত, কান, বুক ও ঊরুতে আঘাতের চিহ্ন রয়েছে।