গৌরীপুরে জুয়ার আসর ভেঙে দিল জনতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার কাউরাট গ্রামে গতকাল শনিবার দুপরে একটি জুয়ার আসর ভেঙে দিয়েছে এলাকাবাসী। এ সময় বিক্ষুব্ধ এলাকাবাসী জুয়ার আসরের তাঁবু ও সরঞ্জাম আগুনে পুড়িয়ে দেয়। প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে জুয়ার আসরটি চলে আসছিল বলে স্থানীয় ব্যক্তিদের অভিযোগ।
জনপ্রতিনিধি ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার মইলাকান্দা ইউনিয়নের কাউরাট গ্রামের নূর ইসলাম ও ওয়াসিম নামের দুই ভাইয়ের নেতৃত্বে ওই গ্রামের একটি বাঁশঝাড়ের আড়ালে দীর্ঘদিন ধরে জুয়ার আসর চলে আসছিল। আসরে স্থানীয় জুয়াড়িদের পাশাপাশি দূর থেকেও জুয়াড়িরা এসে অংশ নিতেন। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত জুয়া চলত। জুয়ার আসরে গাঁজাসহ নানা প্রকার মাদকও সেবন করা হতো বলে স্থানীয় ব্যক্তিদের অভিযোগ। বেশ কিছুদিন ধরে এলাকাবাসী আয়োজকদের আসরটি বন্ধ করে দেওয়ার জন্য অনুরোধ করে এলেও আয়োজকেরা তা বন্ধ করেনি।
জুয়াড়ি নূর ইসলাম ও ওয়াসিমের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাঁদের মুঠোফোন বন্ধ পাওয়া যায়।
মইলাকান্দা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রিয়াদুজ্জামান বলেন, আসরে বিভিন্ন পদমর্যাদার মানুষ যেত।
গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মো. ফজলুল করিম বলেন, ‘জুয়ার আসর ভেঙে দেওয়ার খবরটি শুনেছি। তবে এটি বড় কোনো আসর ছিল বলে মনে হয় না।’