গৌরীপুরে পরীক্ষাকেন্দ্রে মারধর, তদন্তে কমিটি
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ কলেজের স্নাতক (সম্মান) তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা গৌরীপুর সরকারি কলেজ কেন্দ্রে পরীক্ষা দিতে গিয়ে বেধড়ক মারধর ও লাঞ্ছনার শিকার হয়েছেন। এ ঘটনায় গতকাল রোববার তদন্ত কমিটি করা হয়েছে।
ধূমপান নিয়ে কথা-কাটাকাটির জের ধরে গত শনিবার দুপুরে গৌরীপুর কলেজের কয়েকজন শিক্ষার্থী ও বহিরাগতরা ওই ঘটনা ঘটায়। এতে ঈশ্বরগঞ্জ কলেজের ১১ জন শিক্ষার্থী আহত হন।
আহত শিক্ষার্থীদের মধ্যে চারজন ছুরিকাঘাতের শিকার। তাঁরা হলেন ঈশ্বরগঞ্জ কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী খাইরুল ইসলাম, অলিউল্লাহ রানা, সাখাওয়াত হোসেন ও অলি হাসান। পরীক্ষা শেষে সন্ধ্যা ছয়টার দিকে আহত শিক্ষার্থীরা প্রাথমিক চিকিৎসা নেন।
ঈশ্বরগঞ্জ কলেজের কয়েকজন শিক্ষক ও হামলার শিকার শিক্ষার্থী বলেন, কলেজটির স্নাতক (সম্মান) পর্যায়ের শিক্ষার্থীদের চূড়ান্ত পরীক্ষা পাশের উপজেলার গৌরীপুর সরকারি কলেজে হয়। শনিবার তাঁদের কলেজের রাষ্ট্রবিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের ৬৩ জন শিক্ষার্থী তৃতীয় বর্ষের চূড়ান্ত পরীক্ষা দেওয়ার জন্য গৌরীপুর কলেজে যান। বেলা দুইটা থেকে পরীক্ষা শুরু হয়। এর আগে তাঁদের এক পরীক্ষার্থীকে ফটকের সামনে লাঞ্ছিত করা হয়।
লাঞ্ছনার শিকার ওই শিক্ষার্থীর বরাত দিয়ে ঈশ্বরগঞ্জ কলেজের অধ্যক্ষ মো. রফিকুল ইসলাম খান বলেন, বেলা দেড়টার দিকে গৌরীপুর সরকারি কলেজের একজন শিক্ষার্থী কলেজটির ফটকের সামনে ধূমপান করছিলেন। এর প্রতিবাদ করায় তাঁর কলেজের ওই শিক্ষার্থীকে গৌরীপুর কলেজের শিক্ষার্থীরা অপমান ও মারধর করেন। এ ঘটনার জের ধরে পরীক্ষা শুরুর আগে কক্ষের ভেতরে আসনে বসা নিয়ে গৌরীপুর কলেজের শিক্ষার্থী ও বহিরাগতরা তাঁর কলেজের শিক্ষার্থীদের সঙ্গে কথা-কাটাকাটি শুরু করে। একপর্যায়ে গৌরীপুরের শিক্ষার্থী ও বহিরাগতরা তাঁর কলেজের শিক্ষার্থীদের বেধড়ক মারধর করে। মারধরে কয়েকজনের জামা ছিঁড়ে গেলে তাঁরা খালি গায়ে পরীক্ষায় অংশ নেন। কয়েকজন ছাত্রীকেও মারধর করা হয়। বিষয়টি জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রককে জানানো হয়েছে। শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে অনুরোধ করা হয়েছে।
ওই ঘটনা তদন্তে গতকাল জাতীয় বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার রুনা বেগম গৌরীপুর কলেজে যান। তিনি বলেন, তুচ্ছ ঘটনার জের ধরে ঈশ্বরগঞ্জ কলেজের শিক্ষার্থীদের অমানুষিকভাবে মারধর করা হয়েছে। যারা মারধর করেছে কেউ তাদের চেনেন না বলে জানিয়েছেন। গৌরীপুর কলেজের অধ্যক্ষকে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলা হয়েছে।
এ বিষয়ে গৌরীপুর কলেজের অধ্যক্ষ খন্দকার আবু ওয়াদুদ প্রথম আলোকে বলেন, এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ঘটনার কারণ কী, কারা মারধরের সঙ্গে জড়িত, এসব বিষয়ে আগামী বৃহস্পতিবার তদন্ত কমিটি প্রতিবেদন দেবে।