গৌরীপুরে পাচারের সময় ভিজিএফের চালসহ গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার মাওহা ইউনিয়নের জন্য বরাদ্দ দেওয়া ভিজিএফের প্রায় ৩০০ কেজি চালসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত সোমবার রাতে উপজেলার দারিয়াপুর গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
আটক হওয়া ব্যক্তির নাম মো. সাদির। তাঁর বাড়ি একই উপজেলার বোকাইনগর ত্রিশগড় গ্রামে। তাঁকে গতকাল আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মাওহা ইউনিয়নের ভুটিয়ারকোনা বাজারে অবস্থিত ইউনিয়ন পরিষদ কার্যালয়ে গত রবি ও সোমবার ঈদ উপলক্ষে অতিদরিদ্রদের মধ্যে ভিজিএফের চাল বিতরণ করা হয়। এ সময় কার্ডধারীদের পরিমাণে কম দিয়ে প্রায় ৩০০ কেজি চাল রেখে দেওয়া হয়। গত সোমবার রাতে ওই চাল পাঁচটি বস্তায় ভরে টমটমে করে পাচার করা হচ্ছিল। পরে এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে পুলিশ পাশের অচিন্তপুর ইউনিয়নের দারিয়াপুর গ্রাম থেকে সাদিরকে চালসহ আটক করে। এ সময় ভিজিএফের চালের ১০০টি খালি বস্তাও উদ্ধার করা হয়।
এ ব্যাপারে কথা বলার জন্য মাওহা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নূর মোহাম্মদের মুঠোফোনে একাধিকবার ফোন করা হলেও তিনি ধরেননি। একপর্যায়ে তাঁর এক ভাতিজা ফোন ধরেন। চেয়ারম্যানের সঙ্গে কথা বলার অনুরোধ করলে তিনি বলেন, চেয়ারম্যান সাহেব ব্যস্ত আছেন। এখন কথা বলতে পারবেন না।
গৌরীপুর থানার উপপরিদর্শক (এসআই) রকিবুজ্জামান তালুকদার বলেন, আটক ব্যক্তি সাদির কার্ডধারীদের কাছ থেকে চাল কিনেছেন বলে পুলিশকে জানিয়েছেন। তবে বস্তাগুলো চেয়ারম্যানের কাছ থেকে কেনা। তাঁর বিরুদ্ধে ৫৪ ধারায় মামলা করা হয়েছে।