গৌরীপুরে বৃদ্ধ, পাকুন্দিয়ায় গৃহবধূ খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় আফাজ উদ্দিন (৬০) নামের এক ব্যক্তিকে ছুরিকাঘাতে ও গলা কেটে হত্যা করা হয়েছে। জমিসংক্রান্ত বিরোধের জের ধরে তাঁকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এদিকে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় রহিমা আক্তার (২৮) নামের এক গৃহবধূ খুন হয়েছেন। স্বামী নজরুল ইসলাম তাঁকে খুন করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পর থেকে নজরুল পলাতক।
গৌরপুরে নিহত আফাজ উদ্দিন উপজেলার ভাংনামারি ইউনিয়নের খোদাবক্সপুর গ্রামের বাসিন্দা। তিনি পেশায় কৃষক ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আফাজ উদ্দিনের সঙ্গে বসতবাড়ির জমি নিয়ে প্রতিবেশী আবদুল জব্বারের দীর্ঘদিন ধরে বিরোধ ছিল। এ নিয়ে আদালতে মামলাও রয়েছে। এই বিরোধের জের ধরেই জব্বারের লোকজন বেশ কিছুদিন ধরে আফাজ উদ্দিনকে হত্যার হুমকি দিয়ে আসছিলেন। হুমকির অভিযোগে মাস খানেক আগে আফাজ উদ্দিন গৌরীপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। এরপরও হুমকি অব্যাহত ছিল বলে আফাজ উদ্দিনের পরিবার জানিয়েছে।
নিহত আফাজ উদ্দিনের পারিবারিক সূত্রে জানা যায়, গত শনিবার দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে আফাজ উদ্দিন শৌচাগারে যাওয়ার জন্য ঘর থেকে বের হলে দুর্বৃত্তরা আফাজ উদ্দিনকে ছুরিকাঘাত করে এবং গলা কেটে ফেলে রেখে পালিয়ে যায়। পরিবারের লোকজন দ্রুত বের হয়ে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথেই তিনি মারা যান। গতকাল রোববার পুলিশ ময়নাতদন্তের জন্য লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। ঘটনার পর থেকে আবদুল জব্বার ও তাঁর পক্ষের লোকজন পলাতক রয়েছেন।
এদিকে পাকুন্দিয়ায় রহিমা আক্তারকে হত্যার ঘটনায় স্বামীসহ চারজনের বিরুদ্ধে গতকাল পাকুন্দিয়া থানায় হত্যা মামলা করা হয়েছে। নিহত রহিমা উপজেলার বুরুদিয়া ইউনিয়নের পাবদা গ্রামের মৃত মোহাম্মদ আলীর মেয়ে। গত শনিবার রাত নয়টার দিকে এগারসিন্দুর ইউনিয়নের মীরারটেক বিল থেকে পুলিশ রহিমার লাশ উদ্ধার করে।
স্থানীয় ব্যক্তিদের বরাত দিয়ে পুলিশ জানায়, স্বামী নজরুল ইসলামের সঙ্গে বেড়াতে গিয়ে এক সপ্তাহ ধরে সন্তানসহ নিখোঁজ ছিলেন রহিমা। এই নারী কিছুটা বুদ্ধিপ্রতিবন্ধী ছিলেন। একই গ্রামের সোহরাব উদ্দিনের ছেলে নজরুল ইসলামের সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে উঠলে গর্ভবতী হয়ে পড়েন তিনি। এ অবস্থায় রহিমার পরিবার নজরুলকে বিয়ের জন্য চাপ দেয়। এ নিয়ে গ্রামে সালিস-দরবারও হয়। এরই মধ্যে মাস দুয়েক আগে রহিমা একটি ছেলেসন্তান প্রসব করেন। ১০ জানুয়ারি স্থানীয় সালিসের চাপের মুখে রহিমাকে বিয়ে করতে বাধ্য হন নজরুল। এর তিন দিন পর ১৩ জানুয়ারি বেড়ানোর কথা বলে নজরুল সন্তানসহ রহিমাকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হন। গত শনিবার মীরারটেক বিলে একটি লাশ ভাসতে দেখেন স্থানীয় লোকজন।