গ্যাস খাতে অরাজকতা চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের উদীয়মান শিল্প খাত গ্যাসের অভাবে স্থবির হয়ে আছে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. তাজুল ইসলাম। তিনি বলেছেন, দীর্ঘদিন ধরে শিল্পে গ্যাস-সংযোগ বন্ধ রাখা হয়েছে। অপর দিকে অবৈধ সংযোগের ছড়াছড়ি। গ্যাস খাতে এই অরাজকতা চলছে অব্যাহতভাবে। মনে হয় গ্যাস খাতে কোনো শাসন নেই।

জাতীয় জ্বালানি নিরাপত্তা দিবস উপলক্ষে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয় আয়োজিত সেমিনারে তাজুল ইসলাম এসব কথা বলেন। গতকাল রোববার সকালে পেট্রোবাংলা মিলনায়তনে এই সেমিনার হয়।

সেমিনারের প্রধান অতিথি প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেন, দেশে গ্যাস পরিস্থিতি সম্পর্কে সরকার সচেতন আছে। সমাধানের চেষ্টাও করা হচ্ছে।

বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, গ্যাস ব্যবহারের ধরন (প্যাটার্ন) বদলাতে হবে। আবাসিক, সিএনজি ও ক্যাপটিভ বিদ্যুৎ (কোনো কোনো শিল্পে ব্যবহারের জন্য নিজস্ব উৎপাদন) খাতে গ্যাস সরবরাহ অব্যাহত রাখা যায় কি না, তা সক্রিয়ভাবে বিবেচনা করতে হবে। পাশাপাশি গ্যাসের অনুসন্ধান ও উৎপাদন বাড়াতে হবে।

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) চেয়ারম্যান এ এম বদরুদ্দোজা জ্বালানি তেলের দামের প্রসঙ্গ তুলে বলেন, বিপিসি ১৪ বছর লোকসান দিয়েছে। এর দায়-দেনার পরিমাণ ২৯ হাজার কোটি টাকা। আরও তিন হাজার কোটি টাকার নতুন উন্নয়ন প্রকল্প নেওয়া হয়েছে। এই ৩২ হাজার কোটি টাকা বিপিসির দরকার। তাই তেলের দাম কমানো সম্ভব নয়।

এ প্রসঙ্গে মন্ত্রণালয়ের জ্বালানি বিভাগের অতিরিক্ত সচিব নাজিমউদ্দিন চৌধুরী বলেন, বিপিসি যেহেতু লোকসান দিয়েছে সরকারের সিদ্ধান্তে, সেহেতু সরকার ওই অর্থ অনুদান হিসেবে দিয়ে বিপিসিকে দায়মুক্ত করতে পারে। তাতে বিপিসি শক্তিশালীও হবে।

সেমিনারে মূল বক্তব্য উপস্থাপন করেন পেট্রোবাংলার পরিচালক (পিএসসি) মো. কামরুজ্জামান। আরও বক্তব্য দেন এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান এ আর খান, পেট্রোবাংলার চেয়ারম্যান ইশতিয়াক আহমেদ প্রমুখ।

২০১০ সাল থেকে দেশে সরকারিভাবে জাতীয় জ্বালানি নিরাপত্তা দিবস পালিত হয়ে আসছে। দিবসটির তাৎপর্য হচ্ছে, ১৯৭৫ সালের এই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শেল অয়েল কোম্পানির কাছ থেকে মাত্র ৪৫ লাখ পাউন্ডে (তখনকার মূল্যে ১৭ কোটি ৮৬ লাখ টাকা) পাঁচটি গ্যাসক্ষেত্র কিনে রাখেন। ক্ষেত্রগুলো হচ্ছে: তিতাস, বাখরাবাদ, রশিদপুর, হবিগঞ্জ ও কৈলাসটিলা। পরবর্তী সময়ে এই ক্ষেত্রগুলোই জ্বালানি নিরাপত্তার ভিত্তি হয়। ক্ষেত্রগুলোতে এখনো প্রতিদিন দেশের মোট ব্যবহারের প্রায় ৪৫ শতাংশ গ্যাস পাওয়া যাচ্ছে।