ফেনীর বিভিন্ন এলাকায় অসংখ্য অবৈধ গ্যাস-সংযোগ দিয়েছেন কিছু প্রভাবশালী ব্যক্তি ও ঠিকাদার। কর্তৃপক্ষের অনুমোদন না থাকায় এসব গ্যাস-সংযোগ গ্রহণকারী ব্যক্তিদের বিলও পরিশোধ করতে হচ্ছে না। এতে সরকার বিপুল পরিমাণে রাজস্ব হারাচ্ছে।
বৈধ গ্রাহকেরা বলছেন, এসব অবৈধ সংযোগের কারণে গ্যাসের চাপ কমে গেছে। এতে তাঁদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।
বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ফেনীর আঞ্চলিক কার্যালয় সূত্র জানায়, কিছু প্রভাবশালী ব্যক্তি মোটা অঙ্কের টাকার বিনিময়ে অসাধু ঠিকাদারের মাধ্যমে ফেনী শহরসহ বিভিন্ন এলাকায় অসংখ্য অবৈধ গ্যাস-সংযোগ দিয়েছেন।
স্থানীয় সূত্র জানায়, দাগনভূঞার আলাইয়ারপুর, আজিজ ফাজিলপুর, জগৎপুর, রাজাপুর, ওমরপুর, জায়লস্কর, নুরুল্যাপুর ও উদরাজপুর; ফেনী সদর উপজেলার কাজিরবাগ, বগইড়, কাশিমপুর, আলোকদিয়া, লক্ষ্মীপুর, সোনাপুর, রানিরহাট, গোবিন্দপুর, ইলাশপুর ও ধর্মপুরের আমিন বাজারের আশপাশের এলাকা; ফেনী শহরের দক্ষিণ সহদেবপুর, উত্তর সহদেবপুর, বিরিঞ্চি, পশ্চিম রামপুর, কদলগাজী সড়ক, দাউদপুর সেতুর আশপাশের এলাকা; ছাগনাইয়ার পাঠাননগর এবং পরশুরামের বিভিন্ন এলাকায় অবৈধ গ্যাস-সংযোগ দেওয়া হয়েছে।
বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড সূত্র জানায়, গত এক মাসে ভ্রাম্যমাণ আদালত দাগনভূঞার মোল্লাঘাটা এলাকা, ফেনী সদর উপজেলার মঠবাড়িয়া এবং ছাগলনাইয়ার পাঠাননগর এলাকা থেকে প্রায় ছয় হাজার ফুট অবৈধ গ্যাস পাইপলাইন উচ্ছেদ করেছেন। এ ছাড়া একটি গ্যাস ওয়েল্ডিং মেশিনও জব্দ করা হয়েছে।
ফেনী সদর উপজেলার ধর্মপুর গ্রামের বাসিন্দা সামছুল হক, ছোট ধলিয়া গ্রামের জহিরুল ইসলাম ও ছকিনা খাতুন বলেন, অবৈধ গ্যাস-সংযোগের কারণে বৈধ গ্রাহকদের চুলা ঠিকমতো জ্বলছে না। অবৈধ সংযোগ অপসারণ ও বৈধ গ্রাহকদের নিয়মিত গ্যাস সরবরাহের দাবিতে গ্রাহকেরা তিনবার বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ফেনী কার্যালয় ঘেরাও এবং মানববন্ধন করেছেন। এ ছাড়া কর্তৃপক্ষের বরাবর স্মারকলিপিও দেওয়া হয়েছে। কিন্তু পরিস্থিতির কোনো উন্নতি হয়নি।
বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ফেনীর ব্যবস্থাপক আবদুল কাদের বেশ কিছু অবৈধ গ্যাস-সংযোগের সত্যতা নিশ্চিত করে জানান, কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া এসব গ্যাস-সংযোগ নেওয়া হয়েছে। সে কারণে অবৈধ সংযোগ গ্রহণকারীদের বিলও দিতে হয় না। এতে সরকার রাজস্ব বঞ্চিত হচ্ছে। তিনি বলেন, অবৈধ সংযোগের কারণে গ্যাসের চাপ কমে গেছে। এ কারণে বৈধ গ্রাহকদের ভোগান্তি পোহাতে হচ্ছে।
আবদুল কাদের বলেন, বেশ কয়েকটি এলাকায় অবৈধ গ্যাস পাইপলাইন চিহ্নিত করা হয়েছে। জেলা প্রশাসনের সহায়তা পেলে অবৈধভাবে বসানো এসব গ্যাস পাইপলাইন পর্যায়ক্রমে অপসারণ করা হবে।