গ্যাস ফিল্ডসের প্রধান কার্যালয় আবার ঘেরাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ায় বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেডের (বিজিএফসিএল) প্রধান কার্যালয় আজ বৃহস্পতিবার আবার ঘেরাও করেছেন শতাধিক নিয়োগপ্রার্থী।
বিজিএফসিএলের বিভিন্ন পদে নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ ১৪৩ জন প্রার্থী দীর্ঘদিন ধরে নিয়োগপত্র না পাওয়ায় এ কর্মসূচি পালন করেন।
একই দাবিতে ওই নিয়োগপ্রার্থীরা গত ১৯ অক্টোবর বিজিএফসিএলের প্রধান কার্যালয় ঘেরাও করেন। এর আগে তাঁরা ২০১২ সালের ৬ সেপ্টেম্বর ও ২০১৩ সালের ১১ ফেব্রুয়ারি একই কর্মসূচি পালন করেন।
নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা আজ সকাল সাতটার দিকে বিক্ষোভ-মিছিল নিয়ে বিজিএফসিএলের প্রধান কার্যালয়ের প্রধান ফটকের সামনে আসেন। তাঁরা কার্যালয়টি ঘেরাও করে রাখেন। এতে প্রতিষ্ঠানটির ভেতরে কোনো কর্মকর্তা-কর্মচারী ঢুকতে পারেননি। এ কারণে প্রধান কার্যালয়সহ গ্যাস ফিল্ডস স্কুল অ্যান্ড কলেজের কার্যক্রমও প্রায় বন্ধ হয়ে যায়।
পরে স্থানীয় সাংসদ র আ ম উবায়দুল মুক্তাদির চৌধুরী মুঠোফোনে বিজিএফসিএল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন। কর্তৃপক্ষের আশ্বাসে বেলা সাড়ে ১১টার দিকে কর্মসূচি প্রত্যাহার করেন আন্দোলনকারীরা।
বিজিএফসিএলের মহাব্যবস্থাপক (অর্থ) রফিকুল আলম বলেন, ‘সাংসদের সঙ্গে কথা হয়েছে। সমস্যা সমাধানে আমরা ১০ দিন সময় নিয়েছি।’
আন্দোলনকারীদের ভাষ্য, চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা নেওয়ার পরও উত্তীর্ণদের দীর্ঘদিন ধরে নিয়োগপত্র দেওয়া হচ্ছে না। তিন বছর ধরে নিয়োগ-প্রক্রিয়াটি ঝুলিয়ে রেখেছে কর্তৃপক্ষ।
নিয়োগপ্রার্থী জোবায়ের হোসেন প্রথম আলোকে বলেন, ‘কর্তৃপক্ষ আমাদের ভবিষ্যৎ নিয়ে খেলা করছে। ইতিমধ্যে আমাদের অনেকেরই সরকারি চাকরির বয়স চলে গেছে।’
খোঁজ নিয়ে জানা যায়, ২০১১ সালের ৮ এপ্রিল বিজিএফসিএলে কম্পিউটার অপারেটর, গাড়িচালক, ইলেকট্রিশিয়ান ও অ্যাটেনডেন্ট পদে জনবল নিয়োগের জন্য লিখিত পরীক্ষা নেওয়া হয়। এরপর ১৪৩ জনকে নিয়োগের জন্য চূড়ান্তভাবে মনোনীত করা হয়। এ অবস্থায় নিয়োগ নিয়ে দুর্নীতির অভিযোগ উঠলে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়-সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটি তা তদন্ত করে। এতে অনিশ্চয়তায় পড়ে নিয়োগ-কার্যক্রম। এর পর থেকেই ওই নিয়োগপ্রার্থীরা আন্দোলন করছেন।
চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা হওয়ার পরেও নিয়োগ না দেওয়ায় গত বছর হাইকোর্টে একটি রিট আবেদন দাখিল করেন নিয়োগপ্রার্থীরা। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে চলতি বছরের ২৩ জুন আদালত এক আদেশে সংশ্লিষ্ট প্রার্থীদের নিয়োগ দেওয়ার জন্য কোম্পানি কর্তৃপক্ষকে ছয় মাস সময় বেঁধে দেন। আদালতের নির্দেশের পর চার মাস পেরিয়ে গেলেও এখনো নিয়োগপত্র দেয়নি কর্তৃপক্ষ।
দাবি আদায়ে গত ১৯ অক্টোবর নিয়োগপ্রার্থীরা বিজিএফসিএলের প্রধান কার্যালয় ঘেরাও করেন। খবর পেয়ে সকাল ১০টার দিকে ঘটনাস্থলে যান ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র হেলাল উদ্দিন। এ বিষয়ে তিনি বিজিএফসিএলের কর্মকর্তাদের সঙ্গে ঘণ্টা খানেক আলোচনা করেন। পরে মেয়র ও বিজিএফসিএলের মহাব্যবস্থাপক (মানবসম্পদ উন্নয়ন) নসিবুজ্জামান তালুকদার নিয়োগপ্রার্থীদের আশ্বস্ত করে বলেন, ২২ অক্টোবর প্রতিষ্ঠানটির বোর্ডের সভায় বিষয়টি নিয়ে আলোচনা করা হবে। তখন নিয়োগপ্রার্থীরা ঘেরাও কর্মসূচি তুলে নিয়ে মেয়রের কাছে একটি স্মারকলিপি দেন। ৩০ অক্টোবরের মধ্যে নিয়োগপত্র না দিলে লাগাতার বিক্ষোভ করার হুঁশিয়ারি দেন তাঁরা। নিয়োগপত্র না পাওয়ার অভিযোগ তুলে আন্দোলনকারীরা আজ আবারও বিজিএফসিএলের প্রধান কার্যালয় ঘেরাও করেন।