গ্যাস সিলিন্ডারে ইয়াবা পাচার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে অভিনব কৌশলে গ্যাস সিলিন্ডারের ভেতরে করে ইয়াবা পাচারের সময় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা হলেন ট্রাকচালক মো. হোসেন ও তাঁর সহকারী জহির আহম্মেদ। তাঁদের কাছ থেকে উদ্ধার করা হয় ১০ হাজার ইয়াবা বড়ি। আজ রোববার সকালে নগরের শাহ সেতুসংলগ্ন এলাকা থেকে এগুলো উদ্ধার করে পুলিশ।

এ ছাড়া ঈশ্বরদী থেকে ৬ হাজার ৮০০টি ইয়াবা বড়ি জব্দ করে পুলিশ।

চট্টগ্রাম নগরের বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব কুমার চৌধুরী প্রথম আলোকে বলেন, রোববার সকালে নগরের শাহ আমানত সেতু এলাকায় গ্যাস সিলিন্ডারবাহী একটি ট্রাককে থামার সংকেত দেয় পুলিশ। ট্রাকটি না থামিয়ে দ্রুতগতিতে পালানোর চেষ্টা করলে ধাওয়া করেন পুলিশ সদস্যরা। সেতু থেকে একটু দূরে ট্রাকটি থামানো হয়। পরে ট্রাকে থাকা খালি গ্যাস সিলিন্ডারগুলো তল্লাশি করে একটি সিলিন্ডারের নিচে কাটা দেখা যায়। পরে ওই সিলিন্ডারের ভেতর থেকে ১০ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। সিলিন্ডারের নিচের অংশ কেটে ইয়াবাগুলো ঢুকিয়ে আবার অংশটি লাগিয়ে দেওয়া হয়। যাতে কেউ সহজে বুঝতে না পারে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজন এভাবে টেকনাফ থেকে চট্টগ্রামে ইয়াবা পাচারের কথা স্বীকার করেছেন। এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে বাকলিয়া থানায় মামলা হয়েছে।

পাবনা : ঈশ্বরদী শহরের ফতেমোহাম্মপুরের বিহারী বাজার এলাকার অভিযান চালিয়ে আজ সকালে আলিয়া ভুলুর বাড়িতে অভিযান চালায় পুলিশ। সে সময় ভুলু পালিয়ে গেলেও তাঁর স্ত্রীর কাছ থেকে ৬ হাজার ৮০০টি ইয়াবা বড়ি জব্দ করে পুলিশ।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হাই তালুকদার জানান, জব্দ ইয়াবার দাম ৬ লাখ ৮০ হাজার টাকা।

ঈশ্বরদী শহর আমবাগান ফাঁড়ির ইনচার্জ (পুলিশ পরিদর্শক) আবদুল মজিদ প্রথম আলোকে জানান, আলিয়া ভুলু একজন তালিকা ও এজাহারভুক্ত মাদক ব্যবসায়ী। তাঁর বিরুদ্ধে বর্তমানে ঈশ্বরদী থানায় মাদকের ১০টি মামলা রয়েছে।