গ্যাসের অবৈধ লাইন উচ্ছেদ, আদালত অবরুদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবৈধ লাইন উচ্ছেদে ঢাকার আশুলিয়ার নরসিংহপুর এলাকায় গতকাল বুধবার অভিযান চালিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি। ওই অভিযানে কমপক্ষে তিন কিলোমিটার অবৈধ লাইন উচ্ছেদ করা হয়। অভিযানে নেতৃত্ব দেন আশুলিয়া রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল মাসুদ। সঙ্গে ছিলেন তিতাস গ্যাসের সাভার আঞ্চলিক বিপণনকেন্দ্রের উপব্যবস্থাপক আফতাব উদ্দিন। 
এদিকে গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় গতকাল দুপুরে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে এলাকাবাসীর হামলা ও অবরোধের শিকার হন উচ্ছেদ অভিযান পরিচালনাকারী দলের সদস্যরা। হামলাকারীরা তিনটি গাড়ি ভাঙচুর করে। এ সময় গাড়ির চালকসহ পাঁচ-ছয়জন আহত হন।
তিতাস গ্যাসের সাভার আঞ্চলিক বিপণনকেন্দ্রের ব্যবস্থাপকের কার্যালয় থেকে জানা গেছে, গতকাল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নরসিংহপুর এলাকায় অভিযান চালিয়ে দেওয়ান ফিলিং স্টেশনের কাছে দুই ইঞ্চি ব্যাসার্ধের তিন কিলোমিটার লাইনের প্রায় ১০০ ফুট লাইন তুলে ফেলা হয়। অবৈধ লাইনের বাকি অংশ বালু আর সিমেন্ট দিয়ে ভরাট করে দেওয়া হয়। যাতে পরে ওই লাইন ব্যবহার করা সম্ভব না হয়। এ ছাড়া ওই লাইনের আওতায় থাকা ৭০০টি রাইজারসহ অন্তত দুই হাজার চুলার সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়।
আফতাব উদ্দিন বলেন, এই অভিযান অব্যাহত থাকবে। সাভার এলাকায় কয়েক হাজার অবৈধ সংযোগ রয়েছে। পর্যায়ক্রমে সেগুলো উচ্ছেদ করা হবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বাবুল নামে তাঁদের প্রতিষ্ঠানে একজন ঠিকাদার রয়েছেন। তাঁর বিরুদ্ধে ঘুষ নিয়ে অবৈধ সংযোগ দেওয়ার অভিযোগ রয়েছে। তবে লিখিত কোনো অভিযোগ না পাওয়ার কারণে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব হচ্ছে না।
কালীগঞ্জে অভিযানে অংশ নেওয়া ভ্রাম্যমাণ আদালতের বিচারক বিজেন ব্যানার্জি জানান, উপজেলার বাহাদুরশাদী ইউনিয়নের খলাপাড়া এলাকায় তিতাস গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গতকাল দুপুরে অভিযান চালানো হয়।
এ সময় এলাকাবাসী তাঁদের অবরুদ্ধ করে রাখেন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। তিতাসের টঙ্গী শাখার ব্যবস্থাপক আবদুল আহাদ জানান, উচ্ছেদ কাজ শুরু করামাত্র অবৈধ সংযোগ গ্রহণকারীরা লাঠিসোঁটা নিয়ে তাঁদের ঘিরে ফেলেন।
একপর্যায়ে তাঁরা হামলা চালিয়ে কর্মকর্তাদের বহনকারী একটি মাইক্রোবাস, একটি পিকআপ ভ্যান এবং একটি ট্রাকে ভাঙচুর চালান। এ সময় ট্রাকের চালকসহ পাঁচ-ছয়জন শ্রমিক আহত হন। পরে কালীগঞ্জ থানার পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এরপর অভিযান পরিচালনা না করেই তাঁরা এলাকা ত্যাগ করেন।