গ্যাসের অবৈধ সংযোগের টাকা ফেরত পেতে জমি দখল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের মির্জাপুরে গ্যাসের অবৈধ সংযোগের টাকা ফেরত দেওয়ার দাবিতে তিতাসের সাবেক এক ঠিকাদারের সহযোগীর সাত শতাংশ জমি দখল করা হয়েছে। গতকাল শুক্রবার উপজেলা সদরের মির্জাপুর মুসলিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, প্রায় দেড় বছর আগে ওই এলাকার আবদুল জলিল, শামসুল আলম, মিরু, লিটন মিয়া, স্বপন সাহা, রবীন্দ্র নাথ, আবদুল লতিফসহ ২৫ জন ব্যক্তি তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির টাঙ্গাইলের ঠিকাদার মুকুল সাহার মাধ্যমে গ্যাসের অবৈধ সংযোগ নেন। এ জন্য এলাকাবাসী দিনাজপুরের কাহারোল উপজেলার নির্মইল গ্রামের বাসিন্দা ও কুমুদিনী হাসপাতালের প্লাম্বিং শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ইনচার্জ) জিতেন্দ্র নাথ রায়ের মাধ্যমে মুকুল সাহাকে প্রায় ২০ লাখ টাকা দেন।
তিতাস কর্তৃপক্ষ মে মাসে মির্জাপুরে অভিযান চালিয়ে ওই এলাকার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করে। এতে ওই ২৫ জনের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় তাঁরা অবৈধ সংযোগ নেওয়ার সময় দেওয়া টাকা ফেরত পাওয়ার জন্য জিতেন্দ্র নাথকে তাগাদা দেন। জিতেন্দ্র নাথ টাকা ফেরত না দিয়ে মুকুল সাহার মাধ্যমে বৈধভাবে সংযোগের ব্যবস্থা করার কথা বলেন। কিন্তু প্রায় তিন মাস পরও গ্যাসের সংযোগ না পাওয়ায় এলাকাবাসী গতকাল সকালে জিতেন্দ্র নাথের জমি দখলে নেন। খোঁজ নিয়ে জানা গেছে, বাজারে ওই জমির দাম ২০ লাখ টাকার বেশি।
গ্যাসের অবৈধ সংযোগ গ্রহণকারী শামসুল আলম বলেন, দেড় বছর আগে গ্যাসের সংযোগ নিতে শিক্ষক হিসেবে আস্থা রেখে এলাকার ২৫ জন মিলে জিতেন রায়ের মাধ্যমে মুকুল সাহাকে প্রায় ২০ লাখ টাকা দিয়েছিলেন। সংযোগ নেওয়ার সময় তা বৈধ করার নিশ্চয়তা দেন জিতেন রায়। তা না হলে তাঁদের এলাকায় থাকা সাত শতাংশ জমি বিক্রি করে টাকা ফেরত দেবেন বলে জিতেন রায় ওই সময় বলেছিলেন। কিন্তু টাকা না দিয়ে জমি বিক্রি করে এলাকা ছেড়ে তিনি চলে যাবেন—এমন খবর পেয়ে জমি দখল করা হয়েছে। তিনি টাকা ফেরত দিলেই ওই জমির দখল ছেড়ে এলাকাবাসী চলে আসবেন।
জিতেন্দ্র নাথ বলেন, গ্যাস-সংযোগের সময় তিনি নিজে কোনো টাকা নেননি। এলাকার লোকজনের কাছ থেকে তিন থেকে চার লাখ টাকা নিয়ে ঠিকাদার মুকুল সাহাকে দিয়েছিলেন। জমি দখলের বিষয়ে তিনি মির্জাপুর থানায় লিখিত অভিযোগ করেছেন।
তিতাসের সাবেক ঠিকাদার মুকুল সাহার কাছে টাকা নিয়ে অবৈধ সংযোগ দেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে তিনি পরে কথা বলবেন।
মির্জাপুর থানার উপপরিদর্শক আনোয়ার হোসেন বলেন, গ্যাসের অবৈধ সংযোগের টাকা ফেরত পেতে এলাকার কয়েকজন জমি বেদখল করেছেন বলে এলাকায় গিয়ে জানতে পেরেছেন। এ ব্যাপারে তদন্ত করে ব্যবস্থা নেবেন।