গ্যাস-সংকটের প্রতিবাদে কারখানা ঘেরাও, ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকায় গ্যাস-সংকটের প্রতিবাদে একটি ডাইং কারখানা ঘেরাও করে ভাঙচুর ও কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়েছে। এই ঘটনায় পুলিশ লাঠিপেটা ও শটগানের ফাঁকা গুলি ছোড়ে বিক্ষুব্ধ জনতাকে ছত্রভঙ্গ করে দেয়। এতে ধাওয়া-পাল্টাধাওয়ায় ছয় পুলিশসহ কমপক্ষে ২০ জন আহত হন। আবাসিক লাইন থেকে ওই কারখানা সংযোগ নেওয়ায় এলাকায় গ্যাস-সংকট হচ্ছে বলে এলাকাবাসীর অভিযোগ।
এলাকাবাসীর অভিযোগ, সদর উপজেলার সিদ্ধিরগঞ্জের জালকুড়ি উত্তরপাড়া আবাসিক এলাকায় কয়েক বছর আগে ভিবজিওর নিট কম্পোজিট লিমিটেড নামের একটি কারখানা গড়ে তোলা হয়। কারখানার মালিক আবাসিক লাইন থেকেই কারখানায় গ্যাস-সংযোগ নেয়। যে কারণে স্থানীয় এলাকাবাসী বাসার চুলায় গ্যাস পাচ্ছিলেন না। বিষয়টি তাঁরা লিখিতভাবে তিতাস গ্যাস কর্মকর্তাদের অবহিত করেন। কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। গতকাল মঙ্গলবার স্থানীয় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে লোকজন জড়ো করে গ্যাসের দাবিতে বিক্ষোভ প্রদর্শন করতে থাকেন এলাকাবাসী। একপর্যায়ে ভিবজিওর নিট কম্পোজিট লিমিটেড কারখানা ঘেরাও করে ভাঙচুর চালানো হয়। এ সময় কারখানার ভেতরে থাকা ট্রাক, প্রাইভেট কারসহ ছয়টি যানবাহনও ভাঙচুর করা হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে গ্রামবাসীর সঙ্গে পুলিশের সংঘর্ষ বেধে যায়। পরে পুলিশ লাঠিপেটা ও শটগানের ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পাল্টাপাল্টি সংঘর্ষে ছয় পুলিশসহ ২০ জন আহত হয়েছেন।
জালকুড়ি এলাকার বাসিন্দা আবুল ফজল অভিযোগ করেন, আগে এলাকায় গ্যাস-সংকট ছিল না। ওই কারখানা হওয়ার পর থেকে ঠিকমতো গ্যাস মিলছে না। কারখানায় তিতাসের আলাদা লাইন থেকে গ্যাস দেওয়ার দাবি জানান তাঁরা।
কারখানার কর্তৃপক্ষের পক্ষে নাজমুল আহসান খান বলেন, ‘আমরা লাইন থেকে গ্যাস পাই না। সিএনজি স্টেশন থেকে বোতলে গ্যাস এনে কারখান চালাই। কিন্তু এলাকার লোকজন শুধু আমাদের কারখানায় হামলা ও ভাঙচুর চালিয়েছে। আমাদের ধারণা, রোজার কারণে সবাই একসঙ্গে চুলা জ্বালানোর কারণে গ্যাস-সংকট বেশি হচ্ছে। আমরা এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেব।’