গ্রন্থাগারিক নিয়োগে জালিয়াতি?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের অভয়নগর উপজেলার আন্ধা মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী গ্রন্থাগারিক পদে নিয়োগ পরীক্ষায় ফল জালিয়াতির অভিযোগ পাওয়া গেছে।

বিদ্যালয় কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, সহকারী গ্রন্থাগারিক পদে নিয়োগের জন্য ২৩ জুলাই সংবাদপত্রে বিজ্ঞপ্তি দেওয়া হয়। ১১ জন প্রার্থী আবেদন করেন। ৪ নভেম্বর বিদ্যালয়ে পরীক্ষার আয়োজন করা হয়। এতে নয়জন অংশ নেন। বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি সুধীর কুমার মল্লিক বলেন, নিয়োগ পরীক্ষায় একজন প্রার্থী প্রথম হন। কিন্তু ফল ঘোষণার আগে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শহীদুল ইসলাম অন্য এক প্রার্থীকে প্রথম করতে তাঁর ওপর চাপ সৃষ্টি করেন। একপর্যায়ে শিক্ষা কর্মকর্তা একজন জনপ্রতিনিধিকে বিষয়টি জানান। পরে ওই জনপ্রতিনিধি তাঁকে (সভাপতি) ফল ঘোষণা স্থগিত করতে বলেন। এ কারণে ওই দিন ফল প্রকাশ করা হয়নি। তিনি আরও বলেন, প্রধান শিক্ষক ও শিক্ষা কর্মকর্তা শিক্ষা অফিসে বসে নিয়োগ পরীক্ষার খাতায় কাটাকাটি করেছেন। বিদ্যালয়ে পরীক্ষায় প্রথম হওয়া প্রার্থীকে বাদ দিয়ে অন্য প্রার্থীকে প্রথম করেছেন। অথচ ওই প্রার্থী লিখিত পরীক্ষায় অনেক কম নম্বর পেয়েছিলেন। চাপের মুখে তাঁর কাছ থেকে ফলাফল শিটে সই নেওয়া হয়। তবে অভিযোগ অস্বীকার করে প্রধান শিক্ষক কুমারেশ চন্দ্র বিশ্বাস বলেন, ফল জালিয়াতি করা হয়নি।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শহীদুল ইসলাম বলেন, লিখিত, মৌখিক পরীক্ষা ও সনদের ভিত্তিতে যিনি প্রথম হয়েছেন, তাঁকে প্রথম করা হয়েছে। যে কেউ চ্যালেঞ্জ করলে দেখতে পাবেন।