রাজশাহীর বাগমারা উপজেলার যোগিপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) গ্রাম আদালতে বিচার চলার সময় গত শনিবার হামলা চালিয়ে ভাঙচুর ও চেয়ারম্যানকে মারপিট করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় যোগিপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল ওই দিন (শনিবার) রাতেই ১১ জনের বিরুদ্ধে থানায় একটি মামলা করেছেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ঈদের দিন বিকেলে উপজেলার ডুখোলপাড়া গ্রামের তিন বখাটে শুভ ইসলাম (১৮), সাকিল আহমেদ (১৮) ও তানহা (২২) তিন নারীকে যৌন হয়রানি করেন। ওই তিন নারী একটি বিনোদনকেন্দ্রে বেড়াতে এসে ওই যৌন হয়রানির শিকার হন। এ সময় এক নারীর আত্মীয় এর প্রতিবাদ করলে তিনি বখাটেদের হাতে লাঞ্ছিত হন। এ বিষয়ে ওই আত্মীয় স্থানীয় ইউপি চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ দেন। পরে শনিবার বিকেলে চেয়ারম্যান উভয় পক্ষকে পরিষদের গ্রাম আদালতে ডেকে পাঠান। আদালতে বখাটেদের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগের সত্যতা পাওয়ার পর উভয় পক্ষের মধ্যে সমঝোতার চেষ্টা করেন। ভবিষ্যতে এই ধরনের অপরাধের সঙ্গে জড়াবেন না বলে মুচলেকা চান চেয়ারম্যান। এতে ক্ষুব্ধ হয়ে সন্ধ্যার দিকে বখাটে ও তাঁদের স্বজনেরা সংঘবদ্ধ হয়ে আদালতে হামলা চালান। এ সময় তাঁরা পরিষদের ভেতরে থাকা চেয়ার-টেবিল ভাঙচুর করেন। চেয়ারম্যান ভাঙচুরে বাধা দিলে তাঁরা তাঁকে মারপিট করেন। পরে গ্রাম পুলিশ ও তিনজন সদস্য চেয়ারম্যানকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যান।
হামলাকারীরা ওই অভিযোগের নথিপত্র, রেজল্যুশন বই ছিনিয়ে নিয়েছেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল বলেন, হামলাকারীরা এলাকার বখাটে। গ্রাম আদালতের বিচার চলার সময় ওই হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় পরিষদের প্রায় ৯৫ হাজার টাকার ক্ষতি হয়েছে।
আসামিদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তা বন্ধ থাকায় কথা বলা সম্ভব হয়নি।
মামলা হওয়ার সত্যতা নিশ্চিত করে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহম্মেদ বলেন, বিষয়টি তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।