বরগুনার পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গ্রাম চিকিৎসকদের দক্ষতা ও মানোন্নয়নের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। প্রশিক্ষণ শেষে তাঁদের ‘সনদ’ দেওয়ার নামে প্রত্যেকের কাছ থেকে চার হাজার টাকা আদায় করা হচ্ছে।
২৮ জুলাই শুরু হয়েছে মাসব্যাপী এ প্রশিক্ষণ। প্রশিক্ষণ দিচ্ছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চারজন চিকিৎসক। এতে ৭৩ জন গ্রাম চিকিৎসক অংশ নিচ্ছেন।
নাম প্রকাশ না করার শর্তে একাধিক প্রশিক্ষণার্থী বলেন, মানবদেহের গঠন, কার্যাবলি, পরিচিত রোগ, রোগ নির্ণয়ের পদ্ধতি, জ্বর, চর্মরোগ, রক্তস্বল্পতা ও কৃমির সংক্রমণ, ডায়রিয়া ও অপুষ্টি, সংক্রামক রোগ ও কাশি বা শ্বাসকষ্ট, হাঁপানি ও যক্ষ্মা, প্রসবপূর্ব ও প্রসবপরবর্তী সেবা এবং ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থা, চিকিৎসাব্যবস্থাপত্র লেখাসহ ১৯টি বিষয়ের ওপর এ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এক মাসের প্রশিক্ষণ ২০ দিনে শেষ করার চেষ্টা চলছে। প্রশিক্ষণ শেষে সরকারি সনদ দেওয়ার নামে প্রত্যেক প্রশিক্ষণার্থীর কাছ থেকে বাধ্যতামূলক চার হাজার টাকা আদায় করা হচ্ছে। এ ছাড়া রুরাল মেডিকেল প্র্যাকটিশনার প্রশিক্ষণ সহায়িকা হাতে দিয়ে প্রত্যেকের কাছ থেকে আরও ৩০০ টাকা আদায় করা হচ্ছে। ইতিমধ্যে ৬০ জনের কাছ থেকে টাকা আদায় করা হয়েছে। এর বেশির ভাগ টাকাই উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা রমেশ চন্দ্র, স্বাস্থ্য কমপ্লেক্সের চার চিকিৎসক, প্রধান অফিস সহকারী (বরখাস্ত) নূরুল ইসলাম ও বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক কাজী রফিকুল আলম ভাগ-বাঁটোয়ারা করে নিচ্ছেন। এ ছাড়া শুধু সনদে সই করবেন বলে রমেশ চন্দ্রকে অর্ধলক্ষ টাকা সম্মানী দেবেন সমিতির নেতারা।
এ বিষয়ে জানতে চাইলে কাজী রফিকুল আলম বলেন, টাকা নেওয়ার কোনো নির্দেশনা নেই, তবে এ প্রশিক্ষণ চালাতে বেশ খরচ। তাই এ টাকা নেওয়া হচ্ছে। সিভিল সার্জন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাসহ সংশ্লিষ্ট বেশ কিছু ব্যক্তিকে পদে পদে অনুদান দিতে হয়।
নূরুল ইসলাম বলেন, ‘আমার অফিস খরচ বাবদ ১৫ হাজার টাকা ধরা হয়েছে বলে শুনেছি। এ টাকা আমি একা নেব না, এ অফিসের আরও দুই-একজন আছেন।’
রমেশ চন্দ্র বলেন, ‘এ প্রশিক্ষণের জন্য কোনো বাজেট নেই। তবে প্রশিক্ষণ চালাতে কিছু খরচ আছে। কী পরিমাণ টাকা তোলা হচ্ছে, তা আমাদের জানা নেই। এ দায়ভার ওই গ্রাম ডাক্তার সমিতির।’
সিভিল সার্জন রুস্তুম আলী বলেন, সমিতির নেতারা চিকিৎসকদের সম্মানীর ব্যবস্থা করছেন।