গ্রাম পুলিশকে মারধর আ.লীগ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা
রাজশাহীর বাগমারা উপজেলার ঝিকড়া ইউনিয়নে ভিজিএফের চাল বিতরণের সময় গ্রাম পুলিশের ওপর হামলা ও ভাঙচুরের ঘটনায় থানায় মামলা হয়েছে। ইউনিয়ন পরিষদের (ইউপি) আবু সাঈদ নামের আরেক গ্রাম পুলিশ বাদী হয়ে আওয়ামী লীগ ও যুবলীগের ১২ নেতা-কর্মীর বিরুদ্ধে গত মঙ্গলবার রাতে থানায় এ মামলা করেন। তবে পুলিশ কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি।
গত মঙ্গলবার সকালে ভিজিএফ চাল কম দেওয়ার অভিযোগে ইউপিতে হামলা চালানো হয়। এ সময় পরিষদের নিরাপত্তার দায়িত্বে থাকা গ্রাম পুলিশ সুধীর চন্দ্রকে (৪৮) পিটিয়ে আহত করা হয়। আরও তিনজন আহত হন। আহত গ্রাম পুলিশকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। অন্যরা প্রাথমিক চিকিৎসা নেন।
এদিকে ভিজিএফ চাল বিতরণে বাধা ও মারধরের অভিযোগে গত মঙ্গলবার রাতে পরিষদের আরেক গ্রাম পুলিশ আবু সাঈদ বাদী হয়ে মামলা করেছেন। মামলায় আওয়ামী লীগের ঝিকড়া ইউনিয়ন শাখার সাংগঠনিক সম্পাদক আবদুল মানিক, যুবলীগের সভাপতি মোশারফ হোসেনসহ ১২ জন নেতা-কর্মীকে আসামি করা হয়। তবে গতকাল পর্যন্ত কোনো আসামিকে পুলিশ গ্রেপ্তার করতে পারেনি।
ঝিকড়া ইউপি চেয়ারম্যান সাইদুজ্জামান বলেন, আওয়ামী লীগের নেতা-কর্মীরা ভিজিএফের চাল ওজনে কম দেওয়ার মিথ্যা অভিযোগ এনে গ্রাম পুলিশকে মারধর করেন।