গ্রাম পুলিশের বিরুদ্ধে স্ত্রী নির্যাতনের অভিযোগ
নড়াইলে কৃষ্ণ বিশ্বাস নামের গ্রাম পুলিশের এক সদস্যের (চৌকিদার) বিরুদ্ধে স্ত্রী রমা মণ্ডলকে (২৯) নির্যাতনের অভিযোগ উঠেছে। গত শুক্রবার সদর উপজেলার তুলারামপুর ইউনিয়নের মালিয়াট গ্রামে এ ঘটনা ঘটে। গুরুতর আহত রমাকে গতকাল শনিবার নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রমা সদর উপজেলার শেখহাটি ইউনিয়নের দেবভোগ গ্রামের কৃষক নিতাই মণ্ডলের মেয়ে।
গতকাল সকালে হাসপাতালে গিয়ে দেখা যায়, দোতলার বারান্দায় স্যালাইন দেওয়া অবস্থায় রমা শুয়ে আছেন। পাশেই বসে আছেন বেসরকারি সংস্থা ‘বাঁচতে শেখার’ কর্মীরা। রমার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। রমা বলেন, ‘তুচ্ছ ঘটনা নিয়ে প্রায়ই আমার জা, শাশুড়ি, দেবর ও স্বামী আমাকে মানসিক ও শারীরিক নির্যাতন করেন। আমি মাস্টার্সে ভর্তি হব। আমার শ্বশুরবাড়ির লোকেরা লেখাপড়া করতে দেবেন না। বই কিনে দিতে বললে স্বামী ও তাঁর পরিবারের সবাই বিশ্রী ভাষায় আমাকে গালিগালাজ করেন। এ নিয়ে গত শুক্রবার বিকেলে শাশুড়ি, জার সঙ্গে কথা-কাটাকাটি হয়। এ সময় বাড়ির সবাই আমাকে এলোপাতাড়ি পিটুনি ও কিল-ঘুষি মারতে থাকেন। একপর্যায়ে আমার স্বামী চুল ধরে টেনেহিঁচড়ে মাটিতে ফেলে দেন। নির্যাতনের মাত্রা বেড়ে গেলে দৌড়ে আমি পাশেই বেসরকারি সংস্থার (এনজিও) কর্মকর্তা কবিতা বিশ্বাসের বাড়িতে উঠি।’
কবিতা বিশ্বাস ও রমার প্রতিবেশী কানন বালা, সরস্বতী বিশ্বাস বলেন, মেয়েটাকে তাঁর শ্বশুরবাড়ির লোকেরা প্রায়ই নির্যাতন করছে। শুক্রবার মেয়েটাকে মারধর করলে তিনি পালিয়ে কবিতার বাড়িতে ওঠেন। ওই রাতেই পুলিশ সুপারকে (এসপি) জানালে তিনি গ্রামে পুলিশ পাঠান।
কৃষ্ণ বিশ্বাস বলেন, ‘সংসার কত্তি গিলি একটু-আদটু ফ্যাসাদ হয়ে থায়ে। মিলমিশ করে চলতি হয়। কিন্তু ও কথা শোনে না। কাল (শুক্রবার) আমি প্রথম দিকি বাড়ি ছিলাম না। খবর শুনে বাড়ি আসে দেহি মা-বৌদিগে সঙ্গে ও তক্কো কত্তিছে। রাগের মাথায় চুল ধরে টান দিছিলাম।’ তাঁর দাবি, তাঁর পরিবারের কেউ রমাকে মারধর করেননি। সদর থানার ওসি শেখ মতিয়ার রহমান বলেন, ‘খবর পেয়ে আমি ঘটনাস্থলে যাই। রমাকে চিকিৎসা নিতে পরামর্শ দিয়ে আসি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’