গ্রামবাসীর ওপর হামলা, বাড়িঘর ভাঙচুর
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় বাগ্বিতণ্ডার জের ধরে এক গ্রামের লোকজন আরেক গ্রামে হামলা চালিয়েছেন। এ ঘটনায় কমপক্ষে ১০ জন নারী আহত হন। হামলার সময় ওই গ্রামের বাড়িঘর ভাঙচুর এবং লুটপাট করা হয়।
উপজেলার পিরোজপুর ইউনিয়নের ছোট কোরবানপুর গ্রামে গতকাল রোববার সন্ধ্যায় বড় কোরবানপুর গ্রামের লোকজন
এ হামলা চালান বলে অভিযোগ পাওয়া গেছে।
পুলিশ, প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী বলেন, ছোট কোরবানপুর গ্রামে গত শুক্রবার ওয়াজ মাহফিল হয়। ওয়াজ মাহফিলের মধ্যে বড় কোরবানপুর গ্রামের মানছুর মিয়ার সঙ্গে ছোট কোরবানপুর গ্রামের কয়েকজনের বাগ্বিতণ্ডা হয়। পরে বড় কোরবানপুর গ্রামের লোকজন গিয়ে ওয়াজ মাহফিল পণ্ড করে দেন। এর জের ধরে গতকাল সন্ধ্যায় বড় কোরবানপুর গ্রামের আবু তাহের ও মানছুর মিয়ার নেতৃত্বে আক্তার হোসেন, রফিক মিয়া, ইউসুফ আলী, লতিফ মিয়া, তরুণ মিয়াসহ ১৫-২০ ব্যক্তি রামদা, ছোরা, টেঁটা, রড, লাঠিসহ দেশি অস্ত্র নিয়ে ছোট কোরবানপুর গ্রামে হামলা চালান। এ সময় আমিনা বেগম, মাকসুদা বেগম, রাশিদা বেগম, লতা বেগম, ঝরনা বেগম, শিল্পী বেগমসহ ১০ নারীকে পিটিয়ে ও কুপিয়ে আহত করা হয়।
হামলার সময় রাসেল মিয়া ও বাবুল মিয়ার বাড়ি এবং একটি সমিতির কার্যালয়ে ভাঙচুর করে টাকা ও স্বর্ণালংকার লুট করা হয়। আহত ব্যক্তিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বাবুল মিয়া বলেন,পূর্বপরিকল্পিতভাবে আবু তাহের মিয়ার লোকজন তাঁদের গ্রামের নারীদের পিটিয়ে ও কুপিয়ে আহত করেছেন। বাড়িঘর ভাঙচুর করে টাকা ও স্বর্ণালংকার লুট করে নেন।
অপরদিকে আবু তাহের মিয়া বলেন, ভাঙচুর ও হামলার ঘটনা ঘটেছে। তবে তিনি এর সঙ্গে জড়িত নন।
সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) ওবায়দুল হক জানান, খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। থানায় মামলার প্রস্তুতি চলছে।