গ্রামবাসীর ধাওয়া খেয়ে পালাল 'বালুখেকোরা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাতের আঁধারে গ্রামের পাশ ঘেঁষে নদী ও কৃষকের ফসলি জমি থেকে অবৈধভাবে বালু–মাটি কেটে নিচ্ছিল একটি চক্র। গ্রামবাসী এবার একজোট হয়ে ধাওয়া করলেন তাদের। ধাওয়া খেয়ে পালিয়ে যায় তারা।
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বারদী ইউনিয়নের মেঘনা নদীবেষ্টিত চরাঞ্চল নুনেরটেক এলাকায় গতকাল মঙ্গলবার ভোরে এ ঘটনা ঘটে। ওই এলাকায় ইজারা ছাড়াই বালু তুলছিল ওই চক্র।
এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, নুনেরটেক ও আশপাশের এলাকায় প্রতিদিন গভীর রাত থেকে সকাল পর্যন্ত ২৫-৩০টি ড্রেজার দিয়ে বালু তোলা হচ্ছিল। আওয়ামী লীগ ও জাতীয় পার্টির কিছু নেতা-কর্মীর একটি চক্র এতে জড়িত। গ্রামের পাশ ঘেঁষে নদী ও কৃষকের ফসলি জমি থেকে এভাবে বালু তোলার ফলে ইতিমধ্যে ৫০টি বাড়িঘর নদীগর্ভে বিলীন হয়েছে। হুমকিতে রয়েছে শতাধিক বাড়িঘর, আটটি শিক্ষাপ্রতিষ্ঠান ও ১০টি মসজিদ।
বালু উত্তোলন প্রতিরোধ করতে গতকাল ভোররাতে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে একজোট হন এলাকাবাসী। একপর্যায়ে তাঁরা বালু উত্তোলনকারীদের ধাওয়া করেন। তোপের মুখে তারা ড্রেজার নিয়ে পালিয়ে যায়।
নুনেরটেকের গুচ্ছগ্রাম এলাকার কৃষক তামিজউদ্দিন ও হোসেন আলী বলেন, গত এক বছরে এলাকার ২০০ বিঘা ফসলি জমির বালু–মাটি কেটে নিয়ে গেছে বালুখেকোরা।
এলাকাবাসী বলছেন, কুমিল্লার মেঘনা উপজেলার যুবলীগের নামধারী নেতা সানাউল্লাহর নেতৃত্বে সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও জাতীয় পার্টির নেতারা একটি চক্র গড়ে তুলে বালু-মাটি লুট করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছেন।
গত সোমবার সরেজমিনে দেখা যায়, নুনেরটেক গ্রামের পাশ ঘেঁষে মেঘনা নদী ও ফসলি জমি থেকে ২৫-৩০টি ড্রেজার দিয়ে বালু–মাটি কাটা হচ্ছে। চক্রটির অনেকে অস্ত্র নিয়ে প্রকাশ্যে মহড়া দিচ্ছেন।
তবে সানাউল্লাহ মিয়া মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে আমি জড়িত নই।’
সোনারগাঁ থানার ওসি মঞ্জুর কাদের বলেন, কৃষকদের জমির বালু–মাটি অবৈধভাবে কেটে নেওয়ার অভিযোগে কয়েকজনের বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে। নতুন করে যাতে কেউ বালু তুলতে না পারে, সে জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।