গ্রামবাসীর ধাওয়ায় পালালেন বালু উত্তোলনকারীরা

গ্রামবাসীর ধাওয়ায় পালিয়ে গেছেন নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মেঘনা পরিবেষ্টিত নুনেরটেক এলাকায় জেগে ওঠা নতুন চর থেকে অবৈধভাবে বালু উত্তোলনকারীরা।
এলাকাবাসী জানান, উপজেলার বারদী ইউনিয়নের সড়কপথে যোগাযোগ-বিচ্ছিন্ন নুনেরটেক গ্রামের পাশে নতুন চর জেগে উঠেছে। গত শুক্রবার গভীর রাত থেকে ‘স্বপ্নের তরী’ ও ‘ইমন সাহা’ নামের দুটি ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন শুরু করেন বৈদ্যেরবাজার ইউনিয়ন যুবলীগের সভাপতি নবী হোসেন ও তাঁর সহযোগী সিরাজ মিয়া। পরে নুনেরটেক গ্রামবাসী কয়েকবার মৌখিকভাবে বালু উত্তোলন বন্ধ করার কথা বললেও তাঁরা তা মানেননি। গতকাল মঙ্গলবার সকালে নুনেরটেক গ্রামের কয়েক শ নারী-পুরুষ একত্র হয়ে লাঠি, টেঁটা, কুড়াল নিয়ে অবৈধ বালু উত্তোলনকারীদের ধাওয়া করেন। এ সময় অবৈধ বালু উত্তোলনকারীরা বালু উত্তোলন বন্ধ করে ড্রেজার নিয়ে পালিয়ে যান।
বারদী ইউপির ৬ নম্বর ওয়ার্ডের সদস্য লোকমান মিয়া জানান, মেঘনা নদীর নুনেরটেক এলাকায় সরকারিভাবে বালু উত্তোলনের কোনো ইজারা না থাকার পরও নতুন করে জেগে ওঠা চরে স্থানীয় বালু-সন্ত্রাসীরা অবৈধভাবে বালু উত্তোলন শুরু করে। এলাকাবাসী কয়েকবার প্রতিরোধ করার চেষ্টা করলেও অবৈধ বালু উত্তোলন বন্ধ হয়নি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীনুর ইসলাম জানান, মেঘনা নদীর নুনেরটেক এলাকায় সরকারিভাবে কোনো বালুমহাল ইজারা দেওয়া হয়নি। অবৈধভাবে কেউ বালু উত্তোলন করে থাকলে তদন্ত করে তাঁদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।