গ্রামবাসীর পিটুনিতে চাঁপাইনবাবগঞ্জে একজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জে চুরি করে পালানোর সময় গ্রামবাসীর কাছে ধরা পড়ে গণপিটুনিতে জসিম উদ্দীন ওরফে ভোদল (৫০) নামের এক ব্যক্তি মারা গেছেন। চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার মহাডাঙ্গা গ্রামে গত শুক্রবার এ ঘটনা ঘটে। নিহত জসিম উদ্দীন পৌর এলাকার মহাডাঙ্গা গ্রামের বাসিন্দা। এ ঘটনায় ৭০ থেকে ৮০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

নিহত জসিম উদ্দীনের স্ত্রী সুখি বেগম বলেন, মহাডাঙ্গার এক লোক বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে ফোন দিয়ে বলেন, আপনার স্বামী চুরি করে ধরা পড়েছে। তাঁর সঙ্গী-সাথিরা পালিয়েছে। তারা টাকা নিয়ে গিয়ে জসিম উদ্দীনকে ছাড়িয়ে নিতে বলেন। মুঠোফোনে কথা বলার সময় বোঝা যায়, জসিম উদ্দীনকে মারধর করা হচ্ছে। একসময় মুঠোফোনটি সুখি বেগমের স্বামীর হাতে দেওয়া হলে তিনি স্ত্রীকে বলেন, আমাকে বাঁচাও।’

সুখি বেগম জানান, ভোরে প্রতিবেশী মুক্তিযোদ্ধা আবদুল মান্নানকে সঙ্গে নিয়ে থানায় ঘটনা জানালে পুলিশ মহাডাঙ্গায় গিয়ে খুঁটিতে রক্তাক্ত জখম অবস্থায় বাঁধা জসিম উদ্দীনকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। অবস্থা খারাপ হলে তাঁকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে তিনি মারা যান। সুখি বেগম অভিযোগ করেন, মহাডাঙ্গার মানুষজনের মারধরের কারণেই তাঁর স্বামীর মৃত্যু হয়েছে। তিনি এর বিচার দাবি করেন।

এদিকে গতকাল দুপুরে মহাডাঙ্গা মহল্লার ঘটনাস্থলে গিয়ে পুরুষ মানুষ কাউকে পাওয়া যায়নি। মহল্লার নারীরা জানান, পুলিশের ভয়ে অনেকেই গা ঢাকা দিয়েছেন।

মামলার তদন্ত কর্মকর্তা সদর থানার এসআই ইকবাল হোসেন জানান, এ ব্যাপারে সদর থানায় মহাডাঙ্গা গ্রামের অজ্ঞাতনামা ৭০-৮০ জনকে আসামি করে মামলা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে মহাডাঙ্গার ওয়াহিদুজ্জামানকে (১৯) গত শনিবার বিকেলে গ্রেপ্তার করা হয়েছে।